রাউজানে রাজনীতির মাঠে আওয়ামী লীগের আধিপত্য এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। অন্যদিকে কোন্দলের কারণে প্রধান বিরোধী দল বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। এ ক্ষোভ ও হতাশার জের ধরে অনেকেই পুরোনো দল ছেড়ে ক্ষমতাসীন দলে যোগ দিচ্ছেন। জামায়াতের রাজনীতিও অনেকটা কোণঠাসা রাউজানে। তাদের কেউ কেউ বিএনপিতে আশ্রয় নিচ্ছেন। সংশ্লিষ্ট একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। স্থানীয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, ‘দেশের দুটি প্রধান রাজনৈতিক দল ৯৬ সালের নির্বাচনে দলে নবাগত ব্যক্তিদের প্রার্থী করেছিল। ওই সময় প্রার্থী মনোনয়ন নিয়ে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে যে ক্ষোভ ও বিভাজন তৈরি হয় তার রেশ এখনো চলছে।’ প্রসঙ্গত, ৯৬ সালে বিএনপিতে যোগ দেন বর্তমান কারাবন্দী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও তাঁর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তখন বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয় দলের বর্তমান সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার। একইভাবে আওয়ামী লীগে যোগ দেন রাউজানের বর্তমান সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। দলের মনোনয়ন থেকে ওই সময় বাদ পড়েন আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুল্লাহ আল হারুন চৌধুরী। ওই সময় থেকে মনোনয়ন ইস্যুতে দুই দলের মধ্যে শুরু হয় নেতৃত্বের কোন্দল।সংশ্লিষ্ট নেতা-কর্মীরা জানান, ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীরা কোন্দলমুক্ত হয়ে আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছেন। রাউজান আওয়ামী লীগের নীতিনির্ধারক ও একচ্ছত্র নেতা হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন বর্তমান সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে তিনবার নির্বাচন করেন। এবারসহ দুবার বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে হারিয়ে। অন্যদিকে বিএনপি আগের সেই সংকট থেকে বেরিয়ে আসতে পারেনি। কোন্দলের কারণে পৃথক দুটি ধারার কোনোটিই স্থানীয় রাজনীতিতে মাথা তুলে দাঁড়াতে পারেনি। দলীয় সূত্রে জানা যায়, ৯৬ সালের পর থেকে পর্যায়ক্রমে উপজেলা বিএনপির দায়িত্ব পালনকারী তিনজন সাধারণ সম্পাদক এম এ হালিম, মনিরুল ইসলাম ও নাছিম উদ্দিন চৌধুরী স্থানীয় রাজনীতি থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন। ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীল নেতাদের কেউ কেউ ইতিমধ্যে রাজনীতি ছেড়েছে আবার কেউ কেউ আওয়ামী লীগে যোগ দিয়েছেন। পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুর রাজ্জাক রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা স্বীকার করেছেন। পূর্বগুজরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু হোসেন, পশ্চিম গুজরা ইউনিয়নের সভাপতি আহমদ ছফাসহ অনেক নেতা-কর্মী সমপ্রতি আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, একসময়ের ছাত্রশিবিরের সদস্য ফজলুল কাদের বিএনপিতে যোগ দিয়ে বর্তমানে পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জানতে চাইলে ফজলুল কাদের জানান, তিনি শিবিরের সদস্যপদ থেকে অব্যাহতি নেননি। তবে পশ্চিম গুজরা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বলে স্বীকার করেন। আওয়ামী লীগে যোগ দেওয়া প্রসঙ্গে একই ইউনিয়নের বিএনপি সভাপতি আহমদ ছফা বলেন, ‘আমি এলাকার মানুষের স্বার্থ এবং রাউজানের উন্নয়নের রাজনীতির সঙ্গে ঐক্যমত পোষণ করেছি।’ বিএনপি রাজনীতি থেকে নিজদের গুটিয়ে নেওয়া প্রসঙ্গে দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, সাংগঠনিক শক্তির বাইরে গিয়ে যেখানে পেশি শক্তির সাহায্যে রাজনীতির কথা আসে সেখানে রাজনীতি করার অবকাশ থাকে না।এ প্রসঙ্গে রাউজান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন খান বলেন, বিএনপি-জামাত জোটের রাজনীতির দেউলিয়াপনার ধাক্কা রাউজানেও লেগেছে। মানুষ এখন স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে থাকতে আগ্রহী নয়।রাউজান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছালামত আলী বলেন, রাউজানের পরিস্থিতি ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় কেউ কেউ দল বদল করছে। এতে দলের কোনো ক্ষতি হচ্ছে না।