মাঠে আলো ছড়াল ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জুবাইর এগিয়ে যাও, মারো ছক্কা।’ বল সীমানার বাইরে চলে গেলে সবাই লাফিয়ে ওঠে, শাবাশ জুবাইর! শাবাশ! দর্শকসারি থেকে ওঠে মুহুর্মুহু চিৎকারধ্বনি। উপস্থিত দর্শকদের কাছে হঠাৎই যেন তারকা বনে গেছে জুবাইর। ততক্ষণে সবুজ আর লাল দলের প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। জুবাইর সবুজ দলের হয়ে খেলছিল। লাল দলের অধিনায়ক তানজিলুর রহমানও কম যায় না। তার আক্রমাত্মক বোলিংকে সমর্থন করে গ্যালারির দর্শকদের একাংশ জয়ধ্বনি তোলে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় দুই বল বাকি থাকতেই ৪ উইকেটে জয়লাভ করে সবুজ দল। জাতীয় বা জেলা পর্যায়ের কোনো ম্যাচ ছিল না এটি। তবে সাধারণ কোনো ম্যাচও বলা যাবে না একে। এই ম্যাচে যারা খেলেছে তারা দৃষ্টিপ্রতিবন্ধী। সম্প্রতি কক্সবাজারের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুলমাঠে এ ব্যতিক্রমী ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। দৃষ্টিপ্রতিবন্ধীদের বল করার ভঙ্গিমা আর ব্যাট হাঁকিয়ে ছক্কা মারা দেখে অবাক হন উপস্থিত দর্শকেরা। প্রতিবন্ধীদের খেলার খবর পেয়ে সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী দর্শকেরা ভিড় করেন ওই মাঠে। কক্সবাজার ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সদস্যরা লাল ও সবুজ দলে ভাগ হয়ে মাঠে নামে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে লাল দল। ১০ ওভারের খেলায় ৪ উইকেট হারিয়ে ৮১ রান করে লাল দল। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান সংগ্রহ করে মিনহাজুল আলম। লাল দলের ৮২ রানের টার্গেট নিয়ে ব্যাটিং করতে নামে সবুজ দল। মো. আবদুল্লাহ জুবাইর ৩৯ রান করে ম্যাচ সেরা হয়। দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেট শেখানোর উদ্যোগ নিয়েছে শহরের বায়তুশ শরফ চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ। এর জন্য রয়েছে সিবিআর নামে একটি প্রকল্প। এখানে শিখতে আসা চৌফলদণ্ডির আরিফুল ইসলাম (১৭), রামুর কাউয়ারখোপের জমির উদ্দিন (১০), চকরিয়ার ডুলাহাজারার আবদুল্লাহ জোবাইর (১৮) কুতুবদিয়ার তানজিলুর রহমানসহ (১৭) অনেকে এখন ভালো ক্রিকেট খেলছে। বায়তুশ শরফ হাসপাতালের মহাপরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, গত ২৪ ডিসেম্বর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীকে কক্সবাজার এনে বিনা মূল্যে তিন দিনের খেলাধুলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখানে তাদের শেখানো হয় ক্রিকেট, ফুটবল, দাবা, কেরাম, লুডুসহ বিভিন্ন খেলা। দৃষ্টিপ্রতিবন্ধীদের খেলাধুলার প্রশিক্ষণ দিচ্ছেন মো. আহসান উল্লাহ। তিনিও দৃষ্টিপ্রতিবন্ধী। চোখে না দেখেও কী করে খেলা সম্ভব জানতে চাইলে আহসান উল্লাহ জানান, ‘ইচ্ছা থাকলে অসাধ্য সাধন করা যায়। চোখের আলো না থাকলেও আমাদের মনের আলো আছে।’ আহসান বর্তমানে চট্টগ্রাম ব্লাইন্ড ক্লাবের প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন। তাঁর সহকারী প্রশিক্ষক সত্যজিত মজুমদারও এ সময় উপস্থিত ছিলেন। কক্সবাজার ব্লাইন্ড ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক শিক্ষাবিদ মো. সিরাজুল ইসলাম জানান, ‘কক্সবাজারের এই দলকে মানসম্মত প্রশিক্ষণ দিয়ে জাতীয় পর্যায়ে খেলার উপযুক্ত করে তোলা হবে।