মাঠে গড়াল দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেট

ছয় দলের অংশগ্রহণে গত শুক্রবার থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী দিনের দুটি খেলায় গতবারের চ্যাম্পিয়ন চট্টগ্রাম ও কক্সবাজার জেলা দল জিতেছে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বড়তাকিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোর্শেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কর্মকর্তা হাফিজুর রহমান, সৈয়দ শাহাবুদ্দিন শামীম প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চট্টগ্রাম ১৫৩ রানে নরসিংদীকে এবং কক্সবাজার যশোরকে ৬৫ রানে হারায়। অন্য দুটি দল হচ্ছে ঢাকা ও রাজশাহী। গ্রুপ পর্বের ম্যাচ শেষে শীর্ষ দুটি দল ১৬ জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে ফ্লাডলাইটে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।
টুর্নামেন্টের দ্বিতীয় দিন গতকাল শনিবার দিনের প্রথম ম্যাচে রাজশাহী জেলা দল নরসিংদীকে ১০ উইকেটে হারায়। দ্বিতীয় ম্যাচে ঢাকা জেলা দল হারায় কক্সবাজারকে।
এদিকে দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গঠিত জাতীয় দলে চট্টগ্রাম জেলা দলের পাঁচজন ক্রিকেটার স্থান পেয়েছেন। তাঁরা হলেন শাহজাহান, আবু শাহেদ, তানজিলুর রহমান, রিপন বড়ুয়া ও আরিফ উল্লাহ।
৩ জানুয়ারি থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়। ক্যাম্প চলাকালীন এই দল ঘোষণা করা হয়।
২৩ জানুয়ারি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলটি ভারতের উদ্দেশে রওনা দেবে। সেখানে ২৭ জানুয়ারি থেকে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে।