মাঠে গড়াল প্রথম বিভাগ ফুটবল লিগ
একটি দল অংশ না নেওয়ায় লিগ শুরু হওয়া নিয়ে সংশয় ছিল। এ ছাড়া প্রিমিয়ার, প্রথম ও দ্বিতীয় বিভাগের দলবদল নিয়েও জটিলতা তৈরি হয়। অবশ্য পরে আলাদাভাবে দলবদল শুরু হয়। আর ওই দলটি ছাড়াই অবশেষে মাঠে গড়াল প্রথম বিভাগ ফুটবল লিগ। চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল জানান, প্রথমে সিদ্ধান্ত ছিল, সব দলবদল একসঙ্গে হবে। আবার পরে সিদ্ধান্ত হলো, আলাদা আলাদা হবে। ফলে কিছুটা সমস্যা হয়। এ ছাড়া ফ্রেন্ডস ক্লাব লিগে অংশ না নেওয়ায় অনেকে মনে করেছিলেন ঠিক সময়ে লিগ শুরু হবে না। তিনি বলেন, ‘এবার লিগে মোট নয়টি দল অংশগ্রহণ করছে। লিগে অংশ নেওয়া দলগুলো হচ্ছে—মাদারবাড়ী মুক্তকণ্ঠ, চবক ক্রীড়া সমিতি, কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট ক্লাব, বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স, আবাহনী লিমিটেড জুনিয়র, রাইজিং স্টার ক্লাব, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র, ইয়ং স্টার ব্লুজ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দল।’তিনি আরও জানান, চট্টগ্রামের স্থানীয় খেলোয়াড় তৈরির লক্ষ্যে যে দল অধিকসংখ্যক স্থানীয় খেলোয়াড়ের নিবন্ধন করাবে, তাদের চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। ৭ অক্টোবর এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগ উদ্বোধন করেন নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান আরএফ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাব উদ্দিন জাহাঙ্গীর, আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিন প্রমুখ। উদ্বোধনী খেলায় প্রথম বিভাগে নবাগত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দল ৩-৩ গোলে ড্র করে মাদারবাড়ী মুক্তকণ্ঠ দলের সঙ্গে। খেলায় মাদারবাড়ী মুক্তকণ্ঠের পক্ষে আবু হানিফ ও পুলিশ দলের পক্ষে চ্যাঙ্গা মগ দুটি করে গোল করেন। এ ছাড়া পুলিশ দলের বিশ্বেশ্বর ও মুক্তকণ্ঠের হেলাল একটি করে গোল করেন।উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের ১১ প্রবীণ রেফারিকে সম্মাননা জানানো হয়। তাঁরা হলেন— রফিক আহমদ, মো. ইউনুছ, মো. হারুন-অর-রশিদ, মন্জুরুল ইসলাম, ফজলুল কবীর, শম্ভু চৌধুরী, স্বপন কুমার সিংহ, মো. ইউসুফ, শামসুল আলম, কাজী আবদুল আউয়াল ও আবদুল কাদের।