মাঠে নেই বিএনপির তিন কান্ডারি
চট্টগ্রামে বিএনপির কাণ্ডারি হিসেবে নেতা-কর্মীদের কাছে পরিচিত তাঁরা। নগর বিএনপির রাজনীতির নিয়ন্ত্রণও তাঁদের হাতে। এমন তিন কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধরী ও মীর মোহাম্মদ নািছর উদ্দিন দীর্ঘদিন মাঠে নেই। এ কারণে চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড কিছুটা ঝিমিয়ে পড়েছে।
তিন নেতা মাঠে না থাকায় গত একমাস ধরে বিএনপির বড় ধরনের কোনো কর্মসূচিও চোখে পড়েনি। দলীয় কর্মকাণ্ড সীমিত আকারে পরিচালনা করছেন সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।
দলীয় সূত্র জানায়, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান চিকিৎসার জন্য আমেরিকা অবস্থান করছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। একইভাবে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীও ঈদ-উল-আজহার আগে আমেরিকায় চলে যান। সেখান থেকে তিনি লন্ডন হয়ে গত বৃহস্পতিবার দেশে ফেরেন। সাবেক প্রতিমন্ত্রী ও চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন চিকিৎসার উদ্দেশ্যে সম্প্রতি ভারতে গিয়েছিলেন। চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি এখন ঢাকায় অবস্থান করছেন।
চট্টগ্রাম নগর বিএনপির কর্মকাণ্ড নোমান, খসরু ও মীর নাছিরকে ঘিরেই আবর্তিত হয়। এই তিন কাণ্ডারির অনুপস্থিতির কারণে চট্টগ্রাম নগরে এক মাস ধরে বড় ধরনের কর্মসূচি নিতে দেখা যায়নি। ছোটখাট দুই-একটি কর্মসূচি পালিত হচ্ছে শাহাদাৎ হোসেনের নেতৃত্বে। দলীয় কর্মসূচির বাইরে সামাজিক কর্মসূচিগুলোতেও শাহাদাৎ হোসেন উপস্থিত হচ্ছেন। শীর্ষ তিন নেতা না থাকার কারণে দলীয় কার্যালয় নাসিমন ভবন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিও নেই বললেই চলে।
চট্টগ্রাম বিএনপির অন্যতম কাণ্ডারি সাবেক মন্ত্রী ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ব্যক্তিগত কাজে প্রায় এক মাস দেশের বাইরে ছিলেন। তবে দলের নেতা-কর্মীদের একটি অংশ মনে করেন—নেতাদের অনুপস্থিতি নয়, বরং পূর্ণাঙ্গ কমিটি না থাকার কারণেই চট্টগ্রামে আন্দোলন গড়ে তুলতে পারছে না বিএনপি।
নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সাত্তার এ প্রসঙ্গে বলেন, ‘শীর্ষ তিন নেতা দেশের বাইরে যেতেই পারেন।
ব্যক্তিগত, সামাজিক বা বিভিন্ন কাজ থাকতে পারে তাঁদের। তাঁদের অনুপস্থিতি নিয়ে কর্মীদের মধ্যে কোনো ক্ষোভ বা অভিযোগ নেই। আমাদের পূর্ণাঙ্গ কমিটি থাকলে মাঠ ঠিকই গরম থাকত। কিন্তু কর্মীদের নেতৃত্ব দেওয়ার কাণ্ডারি থাকতে হবে তো। চারজনের কমিটি দিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপি চলতে পারে?’
আবদুস সাত্তার আরও বলেন, ‘১৯৮২ সালের দলের শীর্ষ নেতারা দলত্যাগ করে চলে গিয়েছিলেন। এক-এগারোর সময়ে শীর্ষ নেতারা মাঠে ছিলেন না। কিন্তু কর্মীরা এই সংগঠনকে টিকিয়ে রেখেছে। আন্দোলন করার জন্য কর্মীরা প্রস্ত্তত আছে। তবে আমাদের মধ্যে কাণ্ডারি কে, সেটা নির্ধারণ করা হয়নি বলে সমস্যা।’
আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম প্রথম আলো কে বলেন, ‘তিনি (নোমান) চিকিৎসার জন্য ঈদের আগে আমেরিকা গিয়েছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে তাঁর দেশের ফেরার কথা রয়েছে। চট্টগ্রামে ফিরেই তিনি দলীয় নেতাকর্মীদের সংগঠিত করবেন।’
আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম বলেন, ‘গত মাসের তৃতীয় সপ্তাহে আমীর খসরু আমেরিকা গিয়েছিলেন। সেখান থেকে সপ্তাহখানেক লন্ডনে অবস্থান করে গত বৃহস্পতিবার দেশে ফেরেন। দ্রুত তিনি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।’