
শনিবার দিনটায় কেমন যেন অস্থির লাগে। সকালেই প্রথম আলোর সব প্রতিবেদককে নিয়ে সংবাদ ব্যবস্থাপকেরা মিটিংয়ে বসেন। কী কী ধরনের প্রতিবেদন হতে পারে, কোন প্রতিবেদনের ধরন ঠিক কেমন হবে সেসব নিয়ে চলে আলোচনা। স্কুলে পেছনের বেঞ্চে বসতাম। শিক্ষক পড়া ধরবেন টের পেলেই বেঞ্চের নিচে মাথা লুকাতাম। মিটিংটা সব সময় কেন যেন ওই পড়া ধরার স্মৃতিটা মনে করিয়ে দেয়। এখানে অবশ্য লুকানোর কোনো সুযোগ নেই। সেদিনও বেশ কয়েকজন প্রতিবেদক ঘুরে এল আমার পালা। সাংবাদিক হিসেবে আমাদের জনমুখী কাজ আরও বেশি বেশি করতে হবে, এমন একটা আলোচনা চলছিল। আলাপ-আলোচনার ফাঁকেই কথাটা তুললেন আমাদের সংবাদ ব্যবস্থাপকেরা।
সবাই একমত হলেন ঈদে শেরেবাংলা নগরকেন্দ্রিক বিশেষায়িত হাসপাতালগুলোয় রোগীদের ব্যাপক দুর্ভোগে পড়তে হয় গরুর হাটের জন্য। ইজারা দেওয়া এলাকার বাইরে গরু রাখা হয়। হাসপাতালে ঢোকার মুখটা বন্ধ হয়ে যায়। প্রতিবেদন করতে হবে, এবং সেদিনই। নির্দেশ পেয়ে ছুটলাম। মাঠে নেমে বুঝলাম সমস্যাটা বেশ গভীর। আগারগাঁওয়ের জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু) হাসপাতাল কর্তৃপক্ষ জানাল, প্রতিবছর ঈদের সময় তাদের রোগীর চাপ অনেক বাড়ে। কারণ, ঈদের সময় সড়ক দুর্ঘটনা বাড়ে। মাথায় আঘাত, হাত-পা বা বুকের পাঁজর ভেঙে মানুষ ছোটে এই হাসপাতালগুলোয়। আর বহু মানুষ প্রতিদিন মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে আসে। কোরবানির পশুর হাসপাতালে ঢোকার মুখ বন্ধ করে রাখে বলে অ্যাম্বুলেন্স দূরে রেখে রোগীদের কোলে করে স্বজনেরা অনেকটা পথ পাড়ি দিয়ে হাসপাতালে আসেন। শুধু তা-ই নয়, চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসকেরা বলছিলেন তাঁদের অবস্থা আরও করুণ। গরুর হাট রাস্তা ছাড়িয়ে হাসপাতালের ভেতরেও চলে যায় মাঝেমধ্যে। তাঁরা এই সময়টায় রোগীদের দরজা-জানালা বন্ধ করে রাখার কথা বলেন। চোখে অস্ত্রোপচার হয়েছে এমন রোগী ওয়াক করে উঠলে রক্ষা নেই, তিনি চিরতরে অন্ধও হয়ে যেতে পারেন। খোঁজখবর নিয়ে জানলাম এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকেও চিঠি দিয়েছেন। সাধারণত চিঠি জোগাড় করাটা কঠিন হলেও, সেদিন অনেকটা অনায়াসেই হাতে পেয়ে গেলাম ওটা। চিঠিটা হাতে নিয়ে হাট কোথায় বসছে, প্রতিবছর শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এসব নিয়ে কথা বললাম এলাকাবাসীর সঙ্গে।
প্রতিবেদনটা শেষমেশ লেখাও হলো। সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানাল তারা হাসপাতালের জায়গা ইজারা দেয়নি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এও জানালেন তিনি থাকলে আগামী বছর এই এলাকায় আর হাট বসতে দেবেন না। মজা পেলাম হাটের ইজারাদার যুবলীগের নেতার সহযোগীর কথা শুনে। খুব মোলায়েম গলায় বললেন, ‘আপা খারাপ কিছু লিখবেন না। অনেক টাকা দিয়ে ইজারা নিয়েছি তো। গরু তো ওঠাতেই হবে। রাস্তাতেও রাখতে হবে।’ সব তথ্য দিয়ে প্রতিবেদনটা করলাম। মন ভরল না অবশ্য। কিন্তু ভীষণ খেটেছিলেন ডেস্কে আমার সহকর্মীরা। ছবি দিয়ে তাঁরা বুঝিয়ে দিলেন কতটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে ওখানে। হয়তো তাঁদের কল্যাণেই অনেকের চোখে পড়ল। সকালে ঘুম ভাঙল শ্রদ্ধাভাজন কিছু চিকিৎসকের ফোন পেয়ে। তাঁরা ধন্যবাদ জানিয়েছেন। আমি কিন্তু একটা অপরাধবোধে ভুগছিলাম। কেন বিষয়টা এত দিন চোখ এড়িয়ে গেল। সারা দেশ যখন ঈদের আনন্দে অস্থির, তখন এত এত মানুষ কষ্ট করে হাসপাতালে আসেন, বিষয়টা এত দিন মাথায়ই আসেনি।
শেখ সাবিহা আলম: জ্যেষ্ঠ প্রতিবেদক