মাঠে নেমেই মামলার আসামি আত্মগোপনে নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে নেমেই মামলার জালে আটকা পড়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা। গত সোমবার ২০–দলীয় জোটের কেন্দ্র–ঘোষিত কর্মসূচি পালনকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পুলিশের অভিযানের পর চট্টগ্রামে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের আর মাঠে দেখা যাচ্ছে না। হরতালে নগরের কোথাও পিকেটিং হয়নি। কর্মীশূন্য হয়ে পড়েছে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন। একই চিত্র দেওয়ান বাজারের জামায়াতে ইসলামীর নগর কার্যালয়েও। সরেজমিনে ঘুরে এই চিত্র পাওয়া যায়।
নেতা-কর্মীরা জানান, মামলায় গণহারে আসামি করা হয়েছে। জ্যেষ্ঠ নেতারা ওই দিনই গা–ঢাকা দেন। এখন মধ্যম সারির নেতারাও আত্মগোপনে চলে গেছেন। সবার মুঠোফোন বন্ধ।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সোমবার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে ২০-দলীয় জোটের সমাবেশ চালাকালে ৪০০ গজ দূরে কাজীর দেউড়ি এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। ওই সময় সেখানে গণতন্ত্রের প্রতীকী কফিন বানিয়ে শিবির কর্মীরা মিছিল করছিলেন। তখন পুলিশের ওপর একটি ককটেল নিক্ষেপ করা হয় শিবিরের মিছিল থেকে। এরপর পুলিশ লাভলেন প্রান্ত থেকে মুহুর্মুহু গুলি চালিয়ে সমাবেশ পণ্ড করে দেয়। সোমবার বিকেলের পরই পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীসহ ৩০১ জনকে গ্রেপ্তার করে।
সোমবারের ঘটনায় চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীসহ ৩৮৮ জনের বিরুদ্ধে পুলিশ মামলা করে।
মামলা হওয়ার পরই আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শাহাদাৎ হোসেন আত্মগোপনে চলে গেছেন। তাঁদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান এ প্রসঙ্গে বলেন, পুলিশ সমাবেশ করার অনুমতি দিয়েছে। আবার সরকারের নির্দেশেই পুলিশ ২০-দলীয় জোটের সভা পণ্ড করেছে। হামলা চালিয়ে মামলা করে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আইনি লড়াইয়ের পাশাপাশি তৃণমূলের নেতা-কর্মীরা সংগ্রাম চালিয়ে নেবে। তারাই এখন আমাদের শক্তি।’
দলীয় সূত্র জানায়, গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের পর স্থানীয় বিএনপি সীমিতভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছিল। বড় কোনো জমায়েত হয়নি। একইভাবে মাঠে দাঁড়াতে পারেনি জামায়াতে ইসলামীও। একতরফা নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে বড় ধরনের জমায়েতেরও প্রস্তুতি ছিল তাদের। গত সোমবার নাসিমন ভবনের সামনে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিও ঘটেছিল। এতে সমাবেশস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কিন্তু কাজীর দেউড়ির সংঘর্ষের ঘটনা সব ভেস্তে গেছে।
পুলিশ সূত্র জানায়, গত সোমবার কাজীর দেউড়ি মোড়ে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ এবং প্রতীকী কফিন নিয়ে উত্তেজনা সৃষ্টি করার অভিযোগে শিবিরের নেতা-কর্মীদেরও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। ভিডিও ফুটেজ দেখে দায়ী ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে।
জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল বলেন, ‘গত সোমবার শান্তিপূর্ণ কর্মসূচি পালনের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। আমরা শর্তসাপেক্ষে তাঁদের অনুমতি দিয়েছিলাম। কিন্তু তাঁরা আমাদের ওপর ককটেল নিক্ষেপ এবং গোলযোগ সৃষ্টি করে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।’
পুলিশ কমিশনার আরও বলেন, ‘আমরা আইনের পথে গিয়েছি। এখন তাঁদের আইন মোকাবিলা করতে হবে। আর ককটেল নিক্ষেপকারী নেতা-কর্মীদেরও ভিডিও ফুটেজ দেখে ধরতে অভিযান চলছে।’