মাঠে ব্যস্ত পুলিশ, মামলার তদন্তে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৪ জুন রেলওয়ের দরপত্র নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আট বছরের শিশু আরমান। সন্তানহারা এই মাকে সান্ত্বনা দেবে কে? (ফাইল ছবি)
গত ২৪ জুন রেলওয়ের দরপত্র নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আট বছরের শিশু আরমান। সন্তানহারা এই মাকে সান্ত্বনা দেবে কে? (ফাইল ছবি)

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধ-হরতালসহ নানা কর্মসূচি মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে পুলিশ বিভাগকে। এ কারণে এ বছর ঘটে যাওয়া বিভিন্ন সহিংস ঘটনার মামলার সুরাহা করতে পারেনি তারা।
২০১৩ সালের আলোচিত পাঁচটি সহিংস ঘটনার প্রত্যেকটিতেই একাধিক মামলা হলেও এখন পর্যন্ত কোনোটিরই তদন্ত প্রতিবেদন জমা দেয়নি পুলিশ। ফলে ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা।
আলোচিত পাঁচটি ঘটনার মধ্যে তিনটিই হলো জামায়াত-শিবির ও হেফাজতের তাণ্ডবের ঘটনা। এ ছাড়া রেলওয়ে দরপত্র নিয়ে ছাত্রলীগ-যুবলীগের দুই পক্ষের বন্দুকযুদ্ধে শিশুসহ দুজন নিহতের ঘটনাও সবার নজর কাড়ে। এ ছাড়া নগরের লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনাও দেশের শীর্ষ দৈনিকগুলোর শিরোনামে স্থান পায়। নগরের বাইরে হাটহাজারী, বাঁশখালী ও ফটিকছড়ির ভূজপুরে ঘটে যাওয়া সহিংস ঘটনাও সারা দেশে আলোচিত হয়।
রেলওয়ের দরপত্র নিয়ে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ: গত ২৪ জুন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবিতে কোটি টাকার দরপত্র নিয়ে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে প্রাণ হারান সাজু পালিত (২৮) ও আট বছরের শিশু আরমান। এ ঘটনার মামলার অন্যতম আসামি অজিত বিশ্বাসসহ ৩১ জনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ছয় মাস পার হলেও তদন্ত চলছে শ্লথ গতিতে। প্রকাশ্যে অস্ত্র নিয়ে ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা মহড়া দিলেও এখনো কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি।
এদিকে, এজাহারভুক্ত ৫৬ আসামিকে গ্রেপ্তার করা হলেও তাঁরা একে একে জামিনে বেরিয়ে যাচ্ছেন। মামলার প্রধান আসামি যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক সাইফুল আলমসহ চারজন জামিনে বেরিয়ে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, হরতাল সহিংসতায় দিনরাত মাঠে ব্যস্ত থাকায় মামলার তদন্তে অগ্রগতি হয়নি।
লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণ: গত ৭ অক্টোবর লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হন। এই ঘটনার মামলার আসামি হেফাজতে ইসলামের নায়েবে আমির ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে এখনো খুঁজে পায়নি পুলিশ ও গোয়েন্দারা। তাঁর ছেলে হারুন ইজাহার কারাগারে আটক রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন বলেন, মামলার অন্যতম আসামি মুফতি ইজহারের ছেলে হারুন ইজহারকে এখনো জ্ঞািসাবাদ করা যায়নি। জিজ্ঞাসাবাদের পর তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।
হাটহাজারীতে পুলিশ-হেফাজত সংঘর্ষ: গত ৬ মে হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষে ছয়জন নিহত হন। চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে হেফাজতে ইসলামের দেওয়া ব্যারিকেড তুলতে গেলে এ সংঘর্ষ বাধে। নিহত ব্যক্তিরা হলেন আনোয়ার জাহিদ (২৫), শাহাদাত হোসেন (১৮), মোহাম্মদ মামুন (২০), জসিম উদ্দিন (৩২), আবু নোমান (৪০) ও সাইদুর রহমান (৩৫)। আনোয়ার জাহিদ ও শাহাদাত হোসেন হেফাজতের কর্মী। তাঁরা হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার ছাত্র। সাইদুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট। এ ঘটনার পর থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখনো তদন্ত শেষ করতে পারেনি।
বাঁশখালীতে জামায়াত-শিবিরের তাণ্ডব: যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ বাঁশখালীর উপজেলা পরিষদ, আদালত ভবন ও বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, মন্দির ও দোকানে আগুন দেন জামায়াত-শিবিরের কর্মীরা। এসব হামলায় বাঁশখালীর শিলকূপা গ্রামে এক বৃদ্ধও নিহত হন। এতে তিন কোটি টাকারও বেশি সম্পদ নষ্ট হয়েছে বলে পুলিশ জানায়। এসব ঘটনায় পুলিশ ও স্থানীয় লোকজন বাদী হয়ে মামলা দায়ের করলেও ১০ মাসেও পুলিশ তদন্ত প্রতিবেদন দিতে পারেনি। আর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন তাণ্ডবকারীরা। এতে জনমনে আতঙ্ক কাটছে না এখনো।
ফটিকছড়ির ভূজপুরে তাণ্ডব: গত ১১ এপ্রিল ফটিকছড়ির ভূজপুরের কাজীরহাটে স্থানীয় আওয়ামী লীগের মোটর শোভাযাত্রায় সশস্ত্র হামলা চালানো হলে তিনজন নিহত ও আরও শতাধিক লোক আহত হন। হামলাকারীরা শতাধিক গাড়ি পুড়িয়ে দেয়। কাজীরহাটে মসজিদের মাইক থেকে স্থানীয় জামায়াতের নেতা মিথ্যা ঘোষণা দিয়ে গ্রামবাসীকে জড়ো করেন। এরপর চারদিক থেকে ঘেরাও করে আওয়ামী লীগের শোভাযাত্রায় সশস্ত্র হামলা চালানো হয়। হামলাকারীরা জামায়াত-শিবিরের কর্মী ও সমর্থক বলে তদন্ত সূত্রে জানা গেছে। এ ঘটনায় ফটিকছড়ি থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখনো তদন্ত শেষ করতে পারেনি। ধরাছোঁয়ার বাইরে রয়েছেন মূল হোতারা। এ বিষয়ে কোর্ট পরিদর্শক উনু মং বলেন, বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়ির ভূজপুরের সহিংসতার ঘটনায় আদালতে সংশ্লিষ্ট থানা থেকে এখনো তদন্ত প্রতিবেদন আসেনি।