
১৯৯৪ সালে আমরা কয়েকজন মিলে ফুটবল বিশ্বকাপ দেখতে যাই। সেবার বিশ্বকাপ আয়োজক দেশ ছিল যুক্তরাষ্ট্র। কানায় কানায় দর্শকপূর্ণ একটি ম্যাচ হয়েছিল আর্জেন্টিনা ও রোমানিয়ার মধ্যে। কষ্টের ব্যাপার হলো, আর্জেন্টিনা দলের সেরা খেলোয়াড় ম্যারাডোনা আগের ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন। পুরো আর্জেন্টিনা দলে শোকের ছায়া। এ কারণেই সম্ভবত ওই ম্যাচ হেরেছিল আর্জেন্টিনা। আমরা অল্পের জন্য ম্যারাডোনার খেলা মিস করেছি। তবু আর্জেন্টিনা দল অসাধারণ খেলেছে। একই বিশ্বকাপে ব্রাজিল ও সুইডেনের সেমিফাইনাল ম্যাচটা আমার কাছে অন্য রকম মনে হয়েছে।
১৯৯৮ সালে খেলা দেখতে গিয়েছিলাম ফ্রান্সে। আসলে ফুটবলের উন্মাদনা কাকে বলে সেটা দেখেছি ওখানে গিয়ে। ফ্রান্সে বিশ্বকাপ আসর, অথচ শহরজুড়ে ব্রাজিলের সাম্বা নৃত্য। এই মাত্রা আরও বেড়ে গিয়েছিল ফাইনালের দিন। যেখানে যাই, সেখানে দল বেঁধে সবাই সাম্বা করছে। আমাদের অনেক দূর থেকে হেঁটে স্টেডিয়ামে ঢুকতে হয়েছিল। মাঠে বসে আমরা ফ্রান্স ও ব্রাজিলের ফাইনাল খেলা সরাসরি উপভোগ করেছিলাম। এটা আসলে সৌভাগ্যই বলব। ওই মাচে জিনেদিন জিদানের জাদুতে ফ্রান্স প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে। বিশ্বকাপের মোট ১১টি খেলা দেখেছি। প্রতিটি খেলাই উপভোগ করেছি। আফসোসও লেগেছে। নিজের দেশের হয়ে এ রকম একটা ম্যাচ খেলতে পারলে জীবন ধন্য হয়ে যেত।