মে মাসে শেষ হয়েছে লবণ উৎপাদনের মৌসুম। জুলাই মাসে লবণ বিক্রির ধুম পড়ার কথা। কিন্তু কক্সবাজার উপকূলে পরিস্থিতি ভিন্ন। দাম কমে যাওয়ায় প্রায় ৫৫ হাজার প্রান্তিক চাষি উৎপাদিত লবণ বিক্রি করতে পারছেন না। মাঠে পড়ে আছে প্রায় ১২ লাখ মেট্রিক টন লবণ। কক্সবাজার লবণশিল্প বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি আবদুল কাদের জানান, গত মৌসুমে জেলার প্রায় ৬৬ হাজার একর জমিতে লবণ উৎপাদিত হয়েছে প্রায় ১৭ লাখ ৬৭ হাজার মেট্রিক টন। এর মধ্যে সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন লবণ বিক্রি হলেও দাম কমিয়ে দেওয়ায় আরও ১২ লাখ মেট্রিক টন লবণ মাঠে পড়ে রয়েছে। তিনি বলেন, এরই মধ্যে লবণ আমদানি করে দেশের লবণশিল্পকে ধ্বংসের চক্রান্ত করা হচ্ছে। তখন বাজারমূল্য আরও কমে গেলে চাষিদের না খেয়ে মরতে হবে। সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের মামুনপাড়ার চাষি আবদুল গফুর (৪৫) জানান, গত কয়েক দিন নানাভাবে চেষ্টা করেও তিনি মাঠে উৎপাদিত লবণ বিক্রি করতে পারছেন না। প্রতি মণ লবণ ১২০ টাকার বেশি কিনতে কেউ রাজি হচ্ছেন না। এই হিসাবে প্রতি কেজি লবণের দাম পড়ে তিন টাকা। অথচ বাজারে প্রতি কেজি প্যাকেট লবণ বিক্রি হচ্ছে ২০ থেকে ৩২ টাকায়। গত বৃহস্পতিবার সকালে টেকনাফের নিলা, রঙ্গিখালী, জাদীমুরাসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, প্রধান সড়কের দুই পাশে, ঘরের আঙিনা এবং মাঠে লবণ ফেলে রাখা হয়েছে। কিছু স্থানে লবণ মাঠে বড় গর্ত খুঁড়ে ওপরে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে প্রচুর পরিমাণ লবণ। জেলার পেকুয়া, চকরিয়া, সদর, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার বিভিন্ন গ্রামেও একই অবস্থা।টেকনাফের রঙ্গিখালী গ্রামের চাষি গোলাম হোসেন (৫৬) হতাশকণ্ঠে বলেন, মিয়ানমার ও ভারত থেকে আনা লবণের কারণে স্থানীয়ভাবে উৎপাদিত লবণের বাজারমূল্য হারাচ্ছে। প্রতি কেজি লবণ তিন টাকায় বিক্রি করলে চাষিদের ৩০ পয়সা করে লোকসান যায়। ফলে লবণ বিক্রি না করে মাঠে ফেলে রাখা হচ্ছে। এদিকে ৩ জুন কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করে ছয় দফা দাবি উত্থাপন করেন কক্সবাজার লবণশিল্প বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি আবদুল কাদের। দাবিগুলো হচ্ছে: বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ ঘোষণা করা, লবণের প্রতি কেজি ক্রয়মূল্য পাঁচ টাকা নির্ধারণ, প্রান্তিক চাষিদের কাছ থেকে লবণ কেনা, লবণ উৎপাদন এলাকায় মিল স্থাপন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ ও প্রান্তিক চাষিদের সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা। কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সভাপতি মো. রইছ উদ্দিন বলেন, অসাধু একটি চক্র দেশে ঘাটতির কথা বলে বিদেশ থেকে লাখ লাখ টন লবণ নিয়ে এসে বাজার সয়লাব করার চেষ্টা করছে। মাত্র ২০ থেকে ২৫ জন প্রভাবশালীর হাতে জেলার ৫৫ হাজার চাষি পরিবার জিম্মি হয়ে পড়ছেন।