মাঠের আপডেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় দর্শক–শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রস+আলো পিচ রিপোর্টে। আপনারা জানেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খেলা শুরু হয়ে গেছে, খেলা হবে নির্বাচনের মাঠে।’ তাই আমরা এসেছি মাঠের অবস্থা বুঝতে। জানাচ্ছেন রস‍+আলোর মাঠপ্রতিনিধি আসফিদুল হক

দর্শকমণ্ডলী, আমি কথা বলছি একটি বিশেষ মাঠ থেকে। এই বিশেষ মাঠে আর কদিন পরই একটি বিশেষ খেলা হবে। এই খেলায় অংশ নেবে অনেকগুলো দল, তবে মানুষের দৃষ্টি থাকবে বর্তমান চ্যাম্পিয়ন এবং সাবেক চ্যাম্পিয়ন দুটি দলের দিকে। সুতরাং বুঝতেই পারছেন খেলাটি কত গুরুত্বপূর্ণ। তবে আপনারা বুঝতে না পারলেও আমরা আপনাদের জোর করে বোঝাব খেলাটির গুরুত্ব। তাই আগেভাগেই চলে এসেছি মাঠে। চলুন, দেখে নিই মাঠের কী অবস্থা।

দর্শক, মাঠের অবস্থা জানার আগে শুনে নিন আবহাওয়ার অবস্থা। আগাম খবর অনুযায়ী নির্বাচনের দিন আকাশথাকবে ঝকঝকে। তাই আমরা ধরে নিতে পারি, বজ্রসহ বৃষ্টিও হতে পারে। সেদিন ঘরে বসে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আপনিও মুখ ফসকে বলে ফেলতে পারেন, ‘ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।’

আবহাওয়ার পর আসুন আমরা মাঠের দিকে নজর দিই। সত্যি বলতে এখন পর্যন্ত বুঝতে পারছি না মাঠের অবস্থা কোন পর্যায়ে যাবে। তবে আমাদের বোঝাবুঝিতে কিছু আসে-যায় না। যে দুটি প্রধান দল মাঠে খেলবে তাদের কথাই শেষ কথা। এবং বরাবরের মতোই তাদের কথাবার্তা এখন পর্যন্ত পরস্পরবিরোধী। বর্তমান চ্যাম্পিয়নরা বলছে মাঠের অবস্থা খুবই ভালো। অন্যদিকে সাবেক চ্যাম্পিয়নদের কথা হচ্ছে মাঠ খেলার অনুপযুক্ত। একজন নিরপেক্ষ রেফারির তত্ত্বাবধানে মাঠ খেলার উপযোগী করার কথাও শোনা যায় বরাবরই। এবারও হয়তো এ বিষয়ে আলোচনা হবে। কিন্তু বর্তমান চ্যাম্পিয়নরা এই দাবি হেসেই উড়িয়ে দিচ্ছে। তাদের ভাষ্য, মাঠ যেমন আছে তেমনই থাকবে। খেলতে হলে এই মাঠেই খেলতে হবে। সাবেক চ্যাম্পিয়নরা না খেললে তারাই হবে বিজয়ী।

সব মিলিয়ে আসলে মাঠের অবস্থা কী হয় সেটা খেলার দিন না এলে বোঝা যাবে না। মাঠ যেমনই হোক, খেলা দেখতে ইচ্ছুক দর্শকদের উদ্দেশে বলতে চাই, আপনারা অবশ্যই মাঠে এসে খেলা দেখবেন। না হলে আপনার টিকিটে অন্য কেউ এসে খেলা দেখে চলে যাবে।