মাঠের খেলায় প্রাণের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের রাত। তীব্র ঠান্ডা হাওয়া উপেক্ষা করে কয়েক শ গ্রামবাসী সন্ধ্যার পর থেকেই অপেক্ষার প্রহর গুনছে। ফ্লাড লাইটের আলোয় আলোকিত গোটা প্রাঙ্গণ। চকের গুঁড়া দিয়ে ছক কেটে তৈরি করা হয়েছে কোর্ট। তার চারপাশে রয়েছে দর্শকের বেষ্টনী। একসময় অপেক্ষার প্রহর শেষ হলো। দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামলেন খেলোয়াড়েরা। তাঁদের কারও পরনে টি-শার্ট, হাফ প্যান্ট আর কেউ বা এসেছেন লুঙ্গিতে কাছা দিয়ে খালি গায়ে। ১৬ থেকে ১৭ বছরের তরুণ থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধও নেমেছেন খেলতে। খেলোয়াড়েরা মাঠে নামতেই উল্লাসে ফেটে পড়ল দর্শকেরা। সেই উল্লাস ছাপিয়ে শোনা গেল হা-ডু-ডু-ডু...।গত ২২ জানুয়ারি রাতে কক্সবাজারের রামু উপজেলার মেরুংলোয়া গ্রামের বাসিন্দারা মেতে উঠেছিলেন জমজমাট লোকজ খেলার উৎসবে। মেরুংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সপ্তাহজুড়ে লোকজ খেলাধুলার এই আসর বসেছিল। গ্রামবাসীর উদ্যোগে প্রতিবছরই বার্ষিক মিলনমেলার আয়োজন করা হয়। এই মিলনমেলা উপলক্ষে সপ্তাহব্যাপী গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়। হা-ডু-ডু, বলিখেলা, বালিশ বদল, হাঁস ধরা, সাঁতার, হাঁড়িভাঙাসহ বিভিন্ন জনপ্রিয় লোকজ খেলায় অংশ নেন গ্রামবাসী। এই আয়োজনকে ঘিরে গ্রামের সহজ-সরল মানুষের মাঝে উৎসবের আমেজ ছিল গোটা সপ্তাহজুড়ে। ২৭ জানুয়ারি রাবারবাগান বিশ্রামাগারে প্রীতিভোজের মাধ্যমে এ আয়োজন শেষ হয়।রোববার সকালে এক শোভাযাত্রার মাধ্যমে সপ্তাহব্যাপী অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যায় খেলাধুলার এই আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামু উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আবুল মনসুর। প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মো. ছাইদুল হক, পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন মিলনমেলা উদ্যাপন পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যাপক ইজ্জত উল্লাহ।ইজ্জত উল্লাহ বলেন, ‘গ্রামের শিক্ষিত-অশিক্ষিত, ধনী-গরিব, কৃষক, দিনমজুর, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে সৌহার্দ্য-সমপ্রীতি বাড়ানোর লক্ষ্যে মূলত এ উদ্যোগ। মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি এলাকার তরুণদের নৈতিক অবক্ষয় ও মাদকাসক্তি দূর করাও এই আয়োজনের লক্ষ্য।’ তিনি জানান, এ বছর দুই শতাধিক গ্রামবাসী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে।গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা গোলাম কবির বলেন,‘সপ্তম বারের মতো মেরুংলুয়া গ্রামে লোকজ খেলাধুলার আসর বসেছে। গ্রামবাসীর চাঁদার টাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামের সব মানুষ এক সঙ্গে জড়ো হয়ে খেলাধুলার আনন্দে মেতে ওঠে। এই বিষয়টি ভাবতেই ভালো লাগে।’রোববার উদ্বোধনের দিন হাডুডু প্রতিযোগিতায় গ্রামের ষাটোর্ধ্ব প্রবীণদের নিয়ে গঠিত দল ‘পুরান চাইল ভাতে বাড়ে’ নবীনদের নিয়ে গঠিত ‘চিনিগুঁড়া চাইল ভাতে বাড়ে’ দলকে হারিয়ে দেয়। প্রবীণ দলের মো. ইলিয়াছ (৭০) জানান, ‘গ্রামীণ খেলাধুলা বলতে গেলে এখন বিলুপ্ত। প্রতিবছর মিলনমেলা এলেই ধনী, গরিব সবাই মিলে একসঙ্গে আনন্দ করেন। নবীন দলের অধিনায়ক আহম্মদ কামাল ফকির হেরেও খুশি। তিনি বলেন, ‘এখানে হারজিত বড় কথা নয়, আনন্দটাই মুখ্য।’ রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মো. ছাইদুল হক বলেন, ‘রামুতে এসে আমার অনেক নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। মেরুংলোয়া গ্রামবাসীর ব্যতিক্রমী এবং প্রসংশনীয় এ উদ্যোগ আমাকে অভিভূত করেছে।’