মাঠের লড়াই মনিটরে
কম্পিউটার গেম ছোট-বড় সবারই প্রিয়। কম্পিউটারের মনিটরে তুমুল গতিতে গাড়ি চালানো কিংবা মেসি-রোনালদোর সঙ্গে ফুটবলে লড়াইয়ে মেতে ওঠার চেয়ে মজার আর কী হতে পারে। তা যদি হয় উৎসবের আমেজে, তবে তো কথাই নেই। গত সোম ও মঙ্গলবার কম্পিউটার গেমসের এমনই একটা আসর বসেছিল চট্টগ্রামের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে। উৎসব উপলক্ষে গোলাপি-সাদা বেলুনে সাজানো হয়েছিল গোটা ক্যাম্পাস। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উৎসুক তরুণেরা ভিড় জমিয়েছিলেন গেম খেলতে। ফুটবল, ক্রিকেটের মতো মাঠের লড়াইয়ের চেয়ে কম জমজমাট ছিল না এই আসর।প্রতিযোগিতার আয়োজকদের একজন সজীব উল্ল্যাহ বলেন, ‘আইইউবি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাব তৃতীয় বারের মতো চট্টগ্রামে আয়োজন করেছে কম্পিউটার গেমস প্রতিযোগিতা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছে প্রতিযোগিতায়। বাদ যায়নি স্কুলের শিক্ষার্থীরাও।’ তাঁর কথার প্রমাণ মিলল অংশগ্রহণকারী দলগুলোর তালিকা দেখে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইউটি), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি), ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। স্কুল কলেজের শিক্ষার্থীর সংখ্যাটাও ছিল উল্লেখযোগ্য। আইইউবির শেষ বর্ষের ছাত্র ইমরান হোসেনের বলেন, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে খেলার মাধ্যম পরিবর্তিত হয়ে যাচ্ছে। এখন আমাদের খেলার মাঠ আমাদের কম্পিউটার অথবা মোবাইল স্ক্রিন। এই জনপ্রিয়তার কথা ভেবেই কম্পিউটার গেমস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত সোমবার সকালে মাউস ক্লিক করে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রামের সমন্বয়ক অধ্যাপক ড. এম নুরুজ্জামান। তিনি বলেন ‘গুগল, ফেসবুক, ইয়াহু ইত্যাদি এখন আমাদের জীবনযাপনের অংশ। সময়ের বিবর্তনে আমাদের খেলার মাঠ হারিয়ে যেতে বসেছে। তাই বর্তমান প্রজন্মের খেলার মাঠ বলতে এখন কম্পিউটার স্ক্রিন। খেলাধুলার এই আধুনিক সংস্করণ কখনোই খোলা মাঠের হা-ডু-ডু, কাবাডি, কানামাছি অথবা ফুটবলের বিকল্প হতে পারে না।’‘ফিফা ১১’, ‘নিড ফর স্পিড: মোস্ট ওয়ান্টেড গেম’, ‘কাউন্টার স্ট্রাইক সোর্স’ এবং ‘ডিফেন্স অব দ্যা অ্যানসিয়েন্ট (ডোটা)’ গেমগুলোতে প্রতিযোগীরা অংশ নেন। দুই দিনব্যাপী গেমস প্রতিযোগিতায় একক গেমে বিজয়ীরা হয়েছেন আইইউবির মোহাম্মদ শহীদ এবং আইইউটির প্রিয়ম রহমান। দলীয় গেমে জয়লাভ করে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)।