মাঠের হাসি মিলিয়ে যাচ্ছে বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে চোখ জুড়ানো বোরো ধান দেখে হাসি ফুটেছিল কৃষকের মনে। উৎপাদনও হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি। তবে মাঠের সেই হাসি স্থায়ী হয়নি কৃষকের মনে। বাজারে ধান বিক্রি করতে এসে ন্যায্য দাম না পেয়ে হতাশ তাঁরা। এমন চিত্র দেখা গেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায়।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে জলে ভাসা জমিসহ সাত হাজার ৪৩৫ একর বোরো আবাদ হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৪৫০ মেট্রিক টন। গত এপ্রিল মাসের মাঝামাঝি থেকে ধান কাটা শুরু হয়েছে। খেতের ফসল দেখে কৃষকেরা বলছেন লক্ষ্যমাত্রার চেয়ে বেশিই হবে উৎপাদন।
কৃষকেরা জানান, শ্রমিকের মজুরি, সার, জমি বর্গা নেওয়ার খরচ ও ডিজেলের দাম মিটিয়ে প্রতি একর জমিতে বোরো চাষ করতে চাষিদের খরচ হয়েছে ৩২ হাজার টাকা। কিন্তু বর্তমানে এক একর বোরো খেতের ধান বিক্রি করে পাওয়া যাচ্ছে মাত্র ২৫ হাজার টাকা। লাভের আশা নেই। তবে ধান বিক্রি করে খরচও তুলতে পারবেন না, এটা আশা করেননি কেউ।
সরেজমিনে দেখা গেছে, দূরছড়ি, উলুছড়ি, শীলকাটা ছড়া, উগলছড়ি, লাল্যাঘোনা, বাঘাইছড়ি গ্রামে এখন ধান কাটার উৎসব চলছে। শত শত নারী-পুরুষ ধান কাটছেন। খেতের পাশেই মাড়াই কল বসিয়ে ধান মাড়াই করা হচ্ছে। তবে মুখে হাসি নেই কোনো কৃষকের। তাঁদের কথা, গোটা মৌসুম হাড়ভাঙা পরিশ্রম করে ধান ফলিয়েছেন। এখন চাষের খরচই উঠছে না। সারা বছরের খোরাকি নিয়ে ভাবনায় পড়েছেন তাঁরা। অথচ অন্য পেশার লোকজনের সেই ভাবনা নেই।
দূরছড়ি গ্রামের কৃষক আনন্দ চাকমা বলেন, ‘এ বছর এক একর জমিতে বোরো আবাদ করেছি। দিন-রাত নিজের শ্রম দিয়েছি। দিনমজুর নিয়োগ করেছি। ট্রাক্টর ভাড়া করেছি। এ ছাড়া বীজ, সার, ডিজেল ও ধান কাটার পেছনেও অনেক টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে ৩২ হাজার টাকার মতো খরচ হয়েছে। ধান উৎপাদন হয়েছে ৬৮ মণ। কিন্তু বাজারে ধানের দাম না থাকায় খরচও উঠছে না। প্রতি মণ ধান ৩৫০ থেকে ৪০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে না।’
উপজেলা সদরের কৃষক মো. মুসলিম উদ্দিন বলেন, দৈনিক ৫০০ টাকার নিচে কোনো শ্রমিক পাওয়া যাচ্ছে না। চুক্তিভিত্তিক হলে ধান কাটা ও তোলার জন্য একরপ্রতি ১০ হাজার টাকা দিতে হয়। সে জন্য অধিকাংশ কৃষক ধান বিক্রি করে শ্রমিকদের টাকা জোগাড় করছেন। এভাবে চললে কৃষকেরা চরম ক্ষতিগ্রস্ত হবেন। ভবিষ্যতে বোরো চাষ না করে সবাই তামাক চাষের দিকে ঝুঁকবেন বলে তিনি জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল ইমরান বলেন, এ বছর বোরো খেতে ধানের শিষ আসার আগে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে। সে জন্য বোরোর ফলন ভালো হয়েছে। কিন্তু বাজারে ধান বিক্রি হচ্ছে প্রতি মণ মাত্র ৩৫০ টাকায়। কৃষকেরা প্রতি মণ ৭০০ টাকার নিচে বিক্রি করলে খরচও উঠবে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বড় ঋষি চাকমা বলেন, বাজারে ধানের দাম পানির মতো। গত বছর ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হয়েছে। এ বছর ৪০০ টাকার ওপরে বিক্রি করা যাচ্ছে না। সরকারের ধান-চাল সংগ্রহ কর্মসূচি দ্রুত চালু হলে এই সংকট কাটবে।