মাতবে সবাই প্রাণের মেলায়

চারদিকে লাল-সাদার ছড়াছড়ি। নাগরদোলায় উচ্ছ্বাসমুখর তরুণ প্রাণ। পান্তা-ইলিশে উদরপূর্তি। সারা দিন ঘোরাঘুরি। সন্ধ্যায় সুরের মায়া। আড্ডা-আনন্দে সারাবেলা—কখনো ডিসি পাহাড় আর সিআরবির শিরীষতলায়, কখনো বাওয়া উচ্চবিদ্যালয় কিংবা শিল্পকলা প্রাঙ্গণ। আজ মিলবে প্রাণ সহস্র প্রাণে। এত কিছুর আয়োজন! হবেই তো বাংলা পঞ্জিতে কাল যে পয়লা বৈশাখ।
বছর ঘুরে আবার কড়া নাড়ছে নতুন বারতা। মন্ত্রণা দিচ্ছে গ্লানি মুছে ফেলার। প্রতিবারের মতো এবারও পয়লা বৈশাখ উদ্যাপনে নগরজুড়ে থাকবে নানা আয়োজন। সবচেয়ে বড় আয়োজন বসে ডিসি পাহাড় ও সিআরবির শিরীষতলায়। নববর্ষের দিন চারুকলা থেকে চারুশিল্পী সম্মিলন পরিষদের উদ্যোগে বের হবে মঙ্গল শোভাযাত্রা। এ ছাড়া বাওয়া উচ্চবিদ্যালয়, শিল্পকলা একাডেমী, ফুলকি ও ফয়’স লেকে রয়েছে নানা আয়োজন।
ডিসি পাহাড়: সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের উদ্যোগে এখানে বর্ষবিদায়ের আগের দিন থেকে শুরু হয় ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। চেরাগি পাহাড় হয়ে বৌদ্ধমন্দির থেকে নন্দাকানন বোস বাদার্স পর্যন্ত বিস্তৃত মেলায় পাওয়া যায় ঘর সাজানোর নানা উপকরণ থেকে শুরু করে নিত্যব্যবহার্য সব পণ্য। এ ছাড়া ডিসি পাহাড়ের মঞ্চে থাকবে দুদিনের অনুষ্ঠান।
বর্ষবিদায়ের অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়। থাকবে বিভিন্ন সংগঠনের পরিবেশনায় গান, আবৃত্তি ও নৃত্য। এবার সম্মাননা জানানো হবে বিপ্রদাশ বড়ুয়া, প্রশান্ত ত্রিপুরা ও জয়ন্তী লালাকে। এ ছাড়া একক আবৃত্তি করবেন মিলি চৌধুরী। মাইজভান্ডারি গান করবেন শিমুল শীল ও তাঁর দল। নাটুয়ার নাটক এবং একক সংগীত পরিবেশনায় থাকবেন লাকী গুপ্তা, কেয়া দাশ, তৃপ্তি দাশ, মোহাম্মদ হেলালউদ্দিন, শ্যামলী পাল ও শাপলা পাল।
বর্ষবরণের অনুষ্ঠান শুরু হবে সকাল ছয়টায় বংশীবাদনের মাধ্যমে। নতুন বছরকে আবাহন জানাবেন বংশীবাদক ক্যাপ্টেন আজিজুল ইসলাম। এর পরপরই থাকবে ঢোলবাদন। একক আবৃত্তি করবেন রণজিৎ রক্ষিত ও রাশেদ হাসান। এ ছাড়া দিনব্যাপী থাকবে বিভিন্ন সংগঠনের পরিবেশনা। একক গান পরিবেশন করবেন গিরিজা রাজবর, অপু বর্মণ, প্রদীপ দাশ, মোহাম্মদ মোবিন, কার্ত্তিক মজুমদার, খোকন মালাকার, গায়ত্রী চৌধুরী, নন্দ দুলাল গোস্বামী, প্রিয়াংকা দাশ ও নীলিমা দাশ। থাকবে লোকশিল্পী ফকির শাহাবুদ্দিনের গান। বিকেলে গান করবেন হাম্মাদুর রহমান, ফারাহ বিনতে আলম ও ইউসুফ টুটুল।
সিআরবি: এখানকার প্রধান আকর্ষণ নববর্ষের দিন বিকেল তিনটায় সাহাবুদ্দীনের বলীখেলা। এতে লড়েন এই অঞ্চলের কুস্তিগীরেরা। এ ছাড়া দুই দিনের আয়োজন তো রয়েছেই। নববর্ষ উদ্যাপন পরিষদের উদ্যোগে বর্ষবিদায়ের দিন বিকেল সাড়ে চারটায় ঢোলবাদন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হবে। এরপর দলীয় পরিবেশনায় নাচ ও গান করবেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা। সন্ধ্যা সাতটা থেকে চলবে একক সংগীত। গান করবেন মালবিকা দাশ, সুবহা নাওয়াল, মিতালী রায়, অশোক সেনগুপ্ত, আয়েশা খাতুন ও ফিরোজুর রহমান।
বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে সাতটায় সমবেত কণ্ঠের গান দিয়ে। এ ছাড়া দলীয় পরিবেশনার পাশাপাশি রয়েছে মিহির কানুনগো ও তাঁর দলের সেতার বাদন। গান করবেন তন্বী দত্ত, প্রদীপ দাশ, সুপর্ণা রায়, দৃষ্টি শর্মা, অমিত সেনগুপ্ত, ইউসুফ টুটুল, পাপড়ি ভট্টাচার্য্য, সুজিত রায়, মোস্তফা কামাল, সুবর্ণা রহমান, গীরিজা রাজবর, মোখলেছুর রহমান, শিমুল শীল ও সনজিত আচার্য্য।
বাওয়া উচ্চবিদ্যালয়: বাংলা বর্ষবিদায় ও বরণ সম্মিলন পরিষদের উদ্যোগে বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চবিদ্যালয়ের মাঠে থাকবে দুই দিনের অনুষ্ঠান। আজ সন্ধ্যা ছয়টায় বর্ষবিদায়ের পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সমবেত কণ্ঠে গান। এ ছাড়া দলীয় নৃত্য ও গান পরিবেশন করবে ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, সংগীত ভবন, সঞ্চারী নৃত্যকলা একাডেমি ও স্কুল অব ওরিয়েন্টাল ডান্স। গান করবেন কলকতার শিল্পী সুচিত্রা ঘোষ ও লোকগায়ক শাহীন খান।
নববর্ষের দিনও অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়। নববর্ষ আবাহনের মাধ্যমে শুরু হওয়া আয়োজনে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন সুমা রায়। থাকবে বাংলাদেশ একাডেমি অব ফাইন আটর্সের দলীয় নৃত্য। এ ছাড়া পুরোনো দিনের গান করবেন কলকাতার পর্ণাভ ব্যানার্জি। লালনগীতি করবেন রোখসানা রূপসা ও কুষ্টিয়ার শেখ হেমায়েত।
ফয়’স লেক: ফয়’স লেকের কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কে নববর্ষের দিন বিকেল তিনটায় রয়েছে বৈশাখী কনসার্ট। এতে গান করবে ব্যান্ডদল সোলস, প্রমিথিউস, রঙ, কণ্ঠশিল্পী আসিফ আকবর, পাওয়ার ভয়েসের বেলী ও আনিকা। অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন মীরাক্কেলের জামিল। এ ছাড়া ওয়াটার পার্ক সি-ওয়ার্ল্ডে দিনব্যাপী চলবে ডিজে শো। দর্শনার্থীদের জন্য থাকবে পান্তা ভাত, ইলিশ মাছ, শুঁটকি ভর্তাসহ রকমারি খাবারের আয়োজন।
শিল্পকলা একাডেমী: আজ বর্ষবিদায়ের দিন বিকেল পাঁচটায় একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হবে লোকজ সাজের শোভাযাত্রা। ঢোলবাদনের মধ্য দিয়ে উদ্বোধন হবে অনুষ্ঠান। একে একে চলবে তবলার লহড়া, সমবেত সংগীত ও দলীয় নৃত্য। রয়েছে একক সংগীত পরিবেশনা। এ ছাড়া রয়েছে বৈশাখী ফ্যাশন শো ও ব্রাহ্মণবাড়িয়ার পুতুলনাচ।
বর্ষবরণের দিন সকাল আটটায় অনুষ্ঠানের প্রভাতী অধিবেশ শুরু হবে সমবেত সংগীতের মধ্য দিয়ে। বিকেল পাঁচটায় শুরু হবে দ্বিতীয় অধিবেশন। নানা পরিবেশনা ছাড়াও থাকবে কিশোরগঞ্জের খোকন বয়াতি ও তাঁর দলের পালাগান।
ফুলকি: প্রতি বারের মতো এবারও শিশুশিক্ষাপ্রতিষ্ঠান ফুলকি আয়োজন করছে তিন দিনব্যাপী ছোটদের বৈশাখী মেলা। ১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে মেলা। প্রথম দিন বিকেল চারটায় উদ্বোধনী অনুষ্ঠান। এতে অতিথি থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা এবং পয়লা বৈশাখ সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। এ ছাড়া নববর্ষের দিন সকাল থেকে নাটুয়া নাট্যসম্প্রদায় তাদের পরিবশেনা দিয়ে মাতিয়ে রাখবে।