মাতামুহুরীতে কারেন্ট জাল ও বিষ দিয়ে মাছ শিকার
মাতামুহুরী নদীর লামা-আলীকদম অংশে কারেন্ট জাল ও বিষ দিয়ে মাছ শিকার চলছেই। ফলে মৎস্যশূন্য হয়ে পড়েছে নদীটি। বেকার হয়ে গেছেন অনেক জেলে।জেলেরা জানান, নদীতে বিষ প্রয়োগ করে যে পরিমাণ মাছ তাঁরা আহরণ করে তার তিনগুণ মাছ মরে যাচ্ছে। এ ছাড়া কারেন্ট জালে মাছ বেশি ধরা পড়লেও ছোট অনেক মাছ জালে আটকে মারা যায়। ফলে দিন দিন মৎস্যশূন্য হয়ে যাচ্ছে মাতামুহুরী। লামা পৌর এলাকার জেলে কবির আহম্মদ বলেন, অতি লোভে কিছু লোক কারেন্ট জাল ও এক ধরনের বিষাক্ত লতার রস দিয়ে মাছ শিকার করছে। আগে আমরা প্রতিদিন ১০-১২ কেজি মাছ ধরতাম। এখন সারাদিন জাল বসিয়ে আধা কেজি মাছও পাই না। ফলে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটছে।নদী পাড়ের লোকজন জানান, বেশ কয়েক বছর ধরে লামা, আলীকদম ও চকরিয়ার বিভিন্ন অংশে বিষ ও কারেন্ট জাল দিয়ে বোয়াল, রুই, চিংড়িসহ নানা প্রজাতির মাছ ধরছে। সবচেয়ে উদ্বেগের ব্যাপার নদীতে ভোরে এক প্রকার পাহাড়ি বিষাক্ত লতার রস পানিতে ছিটিয়ে দেয়। রস ছিটানোর পর পানি বিষাক্ত হয়ে গেলে মরা মাছ ভেসে ওঠে। এসব মাছ শহর ও গ্রামের বিভিন্ন হাটবাজারে বিক্রি হয়। এ প্রসঙ্গে লামা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, কিছু লোভী মাছ শিকারির কারণে মাতামুহুরী নদী মৎস্যশূন্য হয়ে পড়ছে। এ ব্যাপারে দ্রুত মৎস্য কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।লামা উপজেলা মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক বিষ দিয়ে মাছ শিকারের কথা স্বীকার করে বলেন, কিছু মানুষের জন্য নদীর মৎস্যভাণ্ডার শূন্য হয়ে যাচ্ছে। নদী থেকে এভাবে মাছ আহরণ বন্ধ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে অভিযান পরিচালনা করার সিদ্বান্ত নিয়েছি।