মাতামুহুরীতে বিষ দিয়ে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকরিয়ার মাতামুহুরী নদীতে দুর্বৃত্তরা বিষ দিয়ে মাছ মারার অভিযোগ উঠেছে। বিষ দিয়ে মারা গলদা চিংড়ি, বাইলা, রুই, কাতল ও কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ নদীতে ভেসে উঠছে। গত কয়েকদিনে এ নদীর অন্তত পাঁচ জায়গায় বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে মিঠা পানির মৎস্যভান্ডার খ্যাত মাতামুহুরীর মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।এদিকে উপজেলা মৎস্য অধিদপ্তর মাছনিধন ঠেকাতে নদীর তীর এলাকায় জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছেন বলে সংশ্লিষ্ট লোকজন জানিয়েছেন।স্থানীয়রা জানান, গত তিন মাসে এ নদীর বিভিন্ন জায়গায় অন্তত ১৭ বার বিষ দেওয়ার ঘটনা ঘটেছে। বিষ প্রয়োগের পর মাছ মরে ভেসে উঠলে তা ধরে বিক্রি করা হয়। সবচেয়ে বেশি মাছ ধরছে এলাকার শিশু-কিশোররা। তারা বিষ খাওয়া মাছগুলো ধরে বাড়িতে নিয়ে রান্না করে খাচ্ছে। এসব মাছ খেয়ে অনেকে নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলে এলাকাবাসী জানান। জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত উপজেলার ইয়াংছার কুম, ফাইতং খালের মুখ, মানিকপুর বাজারের দক্ষিণে ও লামা উপজেলার লামার মুখ এবং বমু এলাকায় বিষ দেওয়া হয়। সরেজমিনে জানা গেছে, চকরিয়ার ইয়াংছারকূম, ফাইতংয়ের মুখ, মাঝের ফাঁড়ি, ঘুনিয়া, প্রপার কাকারা, মানিকপুর বাজার, সুরাজপুর, চিরিঙ্গা সেতুর নিচে এবং লামা উপজেলার মিজঝিরি, শীতারকুম, দুঃখ্যা-সুইখ্যার পাহাড়, বমুর মুখ, মেরাখোলা ও লামার মুখ এলাকায় দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে।মানিকপুর এলাকার বাসিন্দা ফজলুল করিম (৪৫), আবদুল মতলবসহ (৫০) অনেকে বলেন, রাতে দুর্বৃত্তরা কোনো নিরিবিলি জায়গা বেছে নিয়ে বিষ দেয়। এরপর রাতভর মাছশিকারের পর তারা চলে যায়। বিষ প্রয়োগ করা মাছ খেয়ে মানবদেহের ক্ষতিকর দিক সম্পর্কে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোলতান আহমদ সিরাজী বলেন, ‘সব ধরনের বিষ মানবদেহের জন্য ক্ষতিকর। তবে দুর্বৃত্তরা সেখানে কোন ধরনের বিষ দিয়েছে তা নির্ণয় করতে হবে।’ কাকারা ইউনিয়নের চেয়ারম্যান আলী মনসুর বলেন, নদীতে বিষ প্রয়োগ না করার জন্য বহুবার সভা-সমাবেশে বলা হয়েছে। কিন্তু লাভ হচ্ছে না। মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক বলেন, ‘উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে মাছনিধনে কারা জড়িত, তার তথ্য চেয়েছে। কিন্তু দুর্বৃত্তরা বিষ দেয় রাতে, এতে কীভাবে বলব কে জড়িত?’ চকরিয়া পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি এমআর মাহমুদ বলেন, বিষ প্রয়োগের ফলে নদীর মাছ বিলুপ্ত হতে বসেছে। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবু তৈয়ব বিষ দিয়ে মাছশিকারের সত্যতা স্বীকার করে বলেন, ইতিমধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে দুর্বৃত্তদের তালিকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তালিকা হাতে এলে মামলা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন প্রথম আলোকে জানান, ‘নদীতে বিষ দিয়ে মাছশিকার একটি জঘন্য অপরাধ, এই প্রবণতা দূর করতে জনসচেতনতা সৃষ্টির জন্য ভিডিও চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’