মাতামুহুরীর চরে ফসলের হাসি
কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএম চর ইউনিয়নের পাহাড়িয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হানিফ (৬০) এবারও মাতামুহুরী নদীর আমান চরে তিন কানি জমিতে টমেটোর চাষ করেছেন। বাম্পার ফলন হওয়ায় মহাখুশি চাষি হানিফ। হানিফ জানান, শুরু থেকে খেতে উৎপাদিত টমেটো প্রতি কেজি ১৫ টাকার বেশি বিক্রি করে আসছেন। এই পর্যন্ত আড়াই লাখ টাকার টমেটো বিক্রি করেছেন। আর চাষে খরচ হয়েছে প্রায় ৯০ হাজার টাকা। মোহাম্মদ হানিফের মতো মাতামুহুরী নদীর তীরে শীতকালীন সবজির চাষ করে সাবলম্বী হয়েছেন কাকারার সিরাজুল ইসলাম (৪৫), বরইতলীর মইনুল আলম (৫৫), বিএম চর ইউনিয়নের চাষি মনছুর আলমসহ (৩৪) অনেকে। চাষিরা জানান, মাতামুহুরী নদীর দুই তীরের উর্বর জমিতে এখন সবুজের সমারোহ। কক্সবাজারের ছোট-বড় দুই শতাধিক হাট-বাজারে বিক্রি হচ্ছে এখানকার উৎপাদিত ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বরবটি, হাইব্রিড মরিচ, শিম, ঝাড় শিম, বেগুন, মিষ্টিকুমড়া, লাউ, লালশাক, পুঁইশাক, মুলা, ঢ্যাঁড়স, আলু, মিষ্টিআলু, ভুট্টা, চিনা বাদাম, ধনিয়া, পেঁয়াজ ও রসুন। বিশেষ করে মাতামুহুরীর চরে এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। এই টমেটো জেলার চাহিদা মিটিয়ে চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। চকরিয়া উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে মাতামুহুরীর তীরে আট হাজার ৮৯৮ হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে। এর মধ্যে ৮১৯ হেক্টর জমিতে চাষ হয়েছে ফুলকপি, এক হাজার ১৫০ হেক্টরে টমেটো, এক হাজার ৫৪০ হেক্টরে হাইব্রিড মরিচ, ৬২০ হেক্টরে মুলা, ৮০০ হেক্টরে আলু, ৬২০ হেক্টরে বেগুন ও ৪২০ হেক্টরে ঝাড় শিমের চাষ হয়েছে। এ ছাড়া বিক্ষিপ্তভাবে অন্যান্য সবজির চাষও হয়েছে।চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। দামও বেশি পাওয়ায় ২০ হাজারের বেশি চাষি আর্থিকভাবে লাভবান হচ্ছেন। অনেকে বিষাক্ত তামাক চাষ বাদ দিয়ে সবজি চাষে এগিয়ে আসছেন। জানা যায়, একসময় দক্ষিণ কাকারা গ্রামে বিপুল পরিমাণ জমিতে তামাকের চাষ করতেন শিক্ষিত বেকার রেজাউল করিম। দুই বছর ধরে তিনি তামাক বাদ দিয়ে চাষ শুরু করেন নতুন জাতের ফল স্ট্রবেরির। এতে তিনি সফলও হয়েছেন। রেজাউল করিম (৪০) জানান, ইচ্ছাশক্তি আর পরিশ্রম করলে যে কেউ চাষাবাদ করেও সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন। ইচ্ছাশক্তির ওপর ভর করে তামাক বাদ দিয়ে স্ট্রবেরি চাষ করে তিনি সবাইকে তাক লাগিয়ে দিতে পেরেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, মাতামুহুরী নদীর দুই তীরের ২০ হাজার একরের বেশি উর্বর জমিতে প্রায় ২০ হাজার চাষি নানা জাতের শীতকালীন শাকসবজি চাষ করে সাবলম্বী হচ্ছেন। মাতামুহুরী নদীর বিভিন্ন অংশে কয়েকটি রাবারড্যাম নির্মাণ করে আরও ২০ হাজার একর জমি চাষাবাদের আওতায় আনার চেষ্টা চলছে।