মাতামুহুরীর পানিতে তামাকের বিষ
চকরিয়ার মানিকপুর গ্রামের কৃষক নুরুল ইসলাম গত বছর এক একর জমিতে তামাকচাষ করেছিলেন মাতামুহুরী নদীর চরে। উত্পাদন খরচ বাদ দিয়ে এতে তাঁর লাভ হয়েছিল ৫০ হাজার টাকা। এ বছর তাই দুই একর জমিতে চাষ করেছেন। তিনি তামাকচাষ করছেন আর্থিক সচ্ছলতার জন্য। অতি লাভের আশায় তাঁর মতো আরও অনেক কৃষক ধানি জমিতে তামাকচাষে ঝুঁকছেন।ধানি জমির পাশাপাশি বাদ যাচ্ছে না পাহাড় ও ঝিরির উর্বর জায়গায়ও। সবচেয়ে বেশি চাষ হচ্ছে মাতামুহুরী নদীর চরে। এতে সবজিচাষ কমে গেছে সেখানে। তামাকচাষের কারণে জমির উর্বরতা ধ্বংস হচ্ছে, বৃষ্টিতে কীটনাশক ও মরা তামাক গাছ পড়ছে নদীতে। এতে বিষাক্ত হচ্ছে পানি। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। চকরিয়া এবং বান্দরবানের লামা ও আলীকদমের বুক চিরে প্রবাহিত হয়েছে খরস্রোতা মাতামুহুরী। মিয়ানমারের আরাকান পাহাড় থেকে উত্পত্তি হয়ে এটি মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। নদীর তীর ও চরের পলি পড়া উর্বর জমিতে শুষ্ক মৌসুমে সবজি ও বোরো চাষ করে প্রচুর আয় করতেন কৃষকেরা। কিন্তু এখন সোনার ফসল ফলান না তাঁরা। তাঁরা পড়েছেন তামাকচাষের নেশায়!সরেজমিনে দেখা গেছে, চকরিয়ার কাকারা, মানিকপুর, সুরাজপুর, লক্ষ্যারচর, লামা উপজেলা সদর, রূপসীপাড়া ও আলীকদম সদর ও চৈক্ষংয় এলাকায় মাতামুহুরীর তীর ও চরে তামাকচাষ করা হয়েছে। কোথাও জায়গা খালি নেই। এমনকি নদীপাড়ের বিভিন্ন বাড়ির উঠানেও তামাকচাষ দেখা গেছে।চার-পাঁচ বছর ধরে চিরিঙ্গা সেতু থেকে আলীকদমের পোঁয়ামরি পর্যন্ত ১১০ কিলোমিটার নদীতে এক টুকরা জায়গাও খালি নেই। শুধু তামাক আর তামাক। ফলে নদীর মিঠাপানিতে এখন বিষের গন্ধ।জেলেরা জানান, আগে মাতামুহুরীর মিঠাপানিতে জাল ফেললেই প্রচুর মাছ পাওয়া যেত। শীতকালে অতিথি পাখির ঢল নামত। কিন্তু এখন এসব নেই। তামাকের বিষক্রিয়ায় বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। কৃষকেরা জানান, তিন মাস তামাকচাষ করে প্রচুর মুনাফা পান তাঁরা। এ ছাড়া তামাক কোম্পানিগুলো সার, বীজ, কীটনাশক সরবরাহ করে। তাতে নিজেদের তেমন খরচ লাগে না। তামাক পরিবেশ ও নিজেদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর—এটা জেনেও চাষ করছেন চাষিরা। বেসরকারি স্বেচ্ছাসেবী ও গবেষণা প্রতিষ্ঠান উবীনীগের (উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা) চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক রফিকুল হক বলেন, ‘তামাক উত্পাদন ও প্রক্রিয়াজাত করা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কৃষকেরা লোভে পড়ে এই কাজ করছেন। তাই তামাকের বিকল্প চাষ না হলে মাতামুহুরী নদীর তীরবর্তী পাহাড়ি এলাকার মানুষ মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারেন।’কাকারা ইউনিয়নের মাইজপাড়ার কৃষক ছৈয়দ হোসেন ও আহমদ ছফা জানান, তামাকচাষে ঘেরা-বেড়া দিতে হয় না। কারণ এসব গাছ গরু-ছাগল খায় না। কোম্পানিগুলোও ভালো সুযোগ-সুবিধা দিচ্ছে। তামাক তাপ শোধনের জন্য লাকড়ি ছাড়া সবকিছুই সরবরাহ করে। তাই তাঁরা তামাক চাষ করেন। লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ এস এম জহির উদ্দিন এ ব্যাপারে বলেন, ‘বনাঞ্চলের আশপাশে তামাকচাষ থেকে কৃষকদের বিরত রাখার জন্য প্রচারণা চালানো হচ্ছে।’ফাঁসিয়াখালী রেঞ্জের কর্মকর্তা মাহমুদ কবির জানান, ‘তামাকের কারণে বনাঞ্চল ও পরিবেশ নষ্ট হচ্ছে সত্য। কিন্তু তা নিয়ে এলাকার জনপ্রতিনিধি ও সচেতন মানুষ কৃষকদের সচেতন করতে এগিয়ে আসছেন না। ফলে বন বিভাগ এককভাবে সবকিছু সামাল দিতে পারছে না।’ চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘এই অঞ্চলের প্রধান সমস্যা তামাকচাষ। কয়েকদিন আগে চিরিঙ্গা সেতুর নিচে মাতামুহুরী নদীর চরে এক একর তামাকক্ষেত নষ্ট করে দেওয়া হয়েছে। তামাকচুল্লিতে কাঠ পোড়ানো বন্ধে অভিযান চালানো হবে।’