মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প এলাকার বাসিন্দাদের ক্ষতিপূরণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প এলাকায় বসবাসকারী লোকজন ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছে। অধিগ্রহণকৃত জমির ন্যায্য ক্ষতিপূরণ চেয়ে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে দুটি স্মারকলিপি দিয়েছে তারা। ২৫ মার্চ সন্ধ্যায় মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম ছমিউদ্দিন ও সাবেক মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান কবির আহমদ জেলা প্রশাসক মো. আলী হোসেনের হাতে স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে বলা হয়, ১০ বর্গ কিলোমিটার আয়তনের মাতারবাড়ীতে বসবাস করছে প্রায় ৯০ হাজার মানুষ। এই এলাকার দক্ষিণ পাশে ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য ১ হাজার ৪১৪ একর জমি ইতিমধ্যে অধিগ্রহণ করা হয়। আর মাতারবাড়ীর উত্তর পাশে ৭০০ মেগাওয়াট ধারণক্ষমতাসম্পন্ন আরেকটি তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন শুরু হচ্ছে। এ জন্যও ১ হাজার ২০০ একর জমি অধিগ্রহণ করার জন্য তিন দফা নোটিশ জারি করা হয়। এলাকার জনগণ দেশের উন্নয়ন ও প্রকল্পের স্বার্থে জমি হস্তান্তর করতে প্রস্তুত থাকলেও উপযুক্ত দাম পাচ্ছে না। এ ছাড়া এলাকার ক্ষতিগ্রস্ত জমির মালিক, লবণচাষি, শ্রমিক, চিংড়িচাষি, ব্যবসায়ী ও জেলে সম্প্রদায়ের লোকজনকে পুনর্বাসনের দাবি জানান।