মাতারবাড়ীর পাঁচ কিলোমিটার বাঁধ অরক্ষিত

মাস খানেক পরেই বর্ষা। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের বাসিন্দাদের তাই দুশ্চিন্তার শেষ নেই। বৃষ্টির পানির সঙ্গে জোয়ারের পানি যোগ হলে বন্যা হবে এবারও। পাঁচ কিলোমিটার ভাঙা বেড়িবাঁধের কারণেই গ্রামবাসীর এমন আশঙ্কা।
গত এক যুগেও বাঁধ সংস্কার না হওয়ায় বর্ষা এলেই জলাবদ্ধতার শিকার হতে হচ্ছে মাতারবাড়ীর বাসিন্দাদের। স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সাগরের ঢেউ ও ঝোড়ো বাতাসের কবলে পড়ে মাতারবাড়ী ইউনিয়নের পূর্ব পাশে চার কিলোমিটার ও পশ্চিমে এক কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে ১২ বছর আগে। এরপর আর সংস্কার হয়নি বাঁধের এই অংশ। তবে প্রতিবছর চিংড়িঘেরের মালিকেরা মাছ চাষের জন্য বাঁধ সংস্কার করেন। কিন্তু গত বছর আগস্ট মাসে এক হাজার ৪১৪ একর জমি তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণ করায় স্থানীয় চিংড়ি ব্যবসায়ীরা বাঁধ সংস্কার করেননি। আর প্রকল্প এলাকার বেড়িবাঁধ সংস্কার করার জন্য তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি কোনো উদ্যোগ নেননি। ফলে সামনে বর্ষা মৌসুমে অরক্ষিত বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে অন্তত ১৫ গ্রামে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গত রোববার সরেজমিন গিয়ে দেখা গেছে, মাতারবাড়ী ইউনিয়নের রাজঘাটের দক্ষিণে বিসিক এলাকা, ছোয়াখালী, রাঙ্গাখালী, চোয়ান্নর ঘোনা, রোস্তমদোনা, টিয়াকাটি ও মগডেইল ঘোনার বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভাঙা। আর ১৪ ফুট প্রস্থের বেড়িবাঁধ ভাঙনে সরু হতে হতে এক ফুটে পরিণত হয়েছে। এলাকার লোকজন জানান, ভাঙা বাঁধ দিয়ে অমাবশ্যা ও পূর্ণিমার সময় জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ছে।
মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল এলাকার বাসিন্দা মোহাম্মদ হোছাইন বলেন, ‘প্রতিবছর চিংড়ি ব্যবসায়ী মাছ চাষ করার জন্য অরক্ষিত বাঁধ কোনো রকমে সংস্কার করে মাছ চাষ করেন। এমনকি আমি নিজেও একটি ঘের করেছিলাম এবং প্রতিবছর ১০ লাখ টাকার মাটি কেটে বাঁধ সংস্কার করে কোনো রকমে জোয়ারের পানি ঠেকাতাম। কিন্তু এ বছর তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করায় প্রকল্প এলাকার ভেতরে চিংড়ি চাষ হচ্ছে না। এ কারণে সামনের বর্ষা মৌসুমে অরক্ষিত বাঁধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হবে।’
পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী জানান, অরক্ষিত বাঁধ সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর অনেকবার আবেদন করা হয়েছে। কিন্তু বরাদ্দ না পাওয়ায় অরক্ষিত বাঁধ সংস্কার করা যাচ্ছে না।