মাতারবাড়ি-চালিয়াতলি সড়ক কালভার্ট সংস্কার হয়নি এক বছরেও!
এক বছরেও সংস্কার হয়নি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলি সড়কে ধসে পড়া কালভার্ট। গত বছরের ২৫ ডিসেম্বর কালভার্টটি ধসে পড়ে। এর পর সংস্কারের জন্য এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। এ কারণে স্থানীয় লোকজন যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন।
১৭ ডিসেম্বর বিকেলে সরেজমিন দেখা যায়, মাতারবাড়ি-চালিয়াতলি চার কিলোমিটার দীর্ঘ সড়কের মাঝখানে ধারাখালের পশ্চিম পাশে ধসে পড়া কালভার্টটির অবস্থান। কালভার্টটির পাশে গাছ, মাটি ও বালুর বস্তা দিয়ে বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে। তবে যানবাহনের চাপে বিকল্প রাস্তাটিও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল বাজারের ব্যবসায়ী আকতার হোসেন জানান, ধসে পড়া কালভার্টের পাশে বিকল্প রাস্তা তৈরি হলেও তা এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। স্থানীয় মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম ছমি উদ্দিন বলেন, এক বছরেও ধসে পড়া কালভার্টটি সংস্কার না হওয়ায় লাখো মানুষ ভোগান্তিতে পড়েছে।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশাররেফ হোসেন বলেন, আপাতত পায়ে হেঁটে চলাচল করার জন্য চার লাখ টাকা ব্যয়ে বিকল্প একটি রাস্তা তৈরি করা হয়েছে। কিন্তু পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় কালভার্টটি সংস্কার করা সম্ভব হচ্ছে না।