মাতারবাড়ির পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ ধসে পড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙনের কবলে পড়ে বিলীন হতে যাচ্ছে মহেশখালীর মাতারবাড়ি দ্বীপ। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে এ দ্বীপের পূর্ব ও পশ্চিম পাশের বেড়িবাঁধ ধসে যাচ্ছে। দ্বীপের ৮০ হাজার মানুষ এখন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের হুমকির মুখে পড়েছে। জানা গেছে, ১৮ বর্গকিলোমিটার আয়তনের মাতারবাড়ির চারদিকে ১০ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধের মধ্যে রাজঘাটের এক কিলোমিটার, বিসিক এলাকার এক কিলোমিটার ও পশ্চিমের তিন কিলোমিটার বেড়িবাঁধ দিন দিন ধসে পড়ছে। বিধ্বস্ত এ বেড়িবাঁধের সংস্কার হচ্ছে না এক যুগ। যেকোনো মুহূর্তে পুরো বেড়িবাঁধ সাগরে তলিয়ে যাবার আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান এনামুল হক চৌধুরী কর্তৃপক্ষের কাছে জরুরিভিত্তিতে বেড়িবাঁধ সংস্কারের আবেদন করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি। সরেজমিনে দেখা যায়, মাতারবাড়ি ইউনিয়নের পশ্চিম পাশের বেড়িবাঁধের পাঁচটি অংশ ভেঙে সাগরে তলিয়ে যাচ্ছে। জোয়ারের সময় এদিকে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয় বলে এলাকাবাসী সায়র মোহাম্মদ জানান। তিনি বলেন, সাগরের বেড়িবাঁধে যখন ভাঙন শুরু হয় তখন এতটা ভয়াবহ ছিল না। তখনই যদি সংস্কার হতো তাহলে বড় আকারের ভাঙন হতো না। রাত হলে তাঁদের এলাকার তিন হাজার মানুষের আতঙ্কে চোখে ঘুম থাকে না বলে তিনি জানান। পূর্বপাশে রাজঘাটের অবস্থা আরও করুণ। ইতিমধ্যে রাজঘাট এলাকার বেড়িবাঁধ অনেক অংশ ভেঙে সাগরে তলিয়ে গেছে। এ কারণে রাজঘাট এলাকার লোকজন প্রতিনিয়ত জোয়ার-ভাটার কবলে পড়ে নানাভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।রাজঘাট এলাকার স্থায়ী বাসিন্দা আনোয়ার হোসেন ও মনির হোসেন বলেন, ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে এলাকার বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি হয়। এরপর ১৯৯৭ সালের ঘূর্ণিঝড়ে আবারও ক্ষতিগ্রস্ত হয়। ফলে বেড়িবাঁধের অবস্থা নড়বড়ে। কিন্তু কোনোবারই সংস্কার হয়নি। এলাকার মানুষ বেড়িবাঁধ সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। রাজঘাট এলাকার বাসিন্দা আমির হোসেন বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে এ দ্বীপের প্রায় দেড় হাজার মানুষের করুণ মৃত্যু হয়। এখনো বড় ধরনের দুর্যোগ দেখা দিলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে।স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, এ দ্বীপ রক্ষা করতে হলে বেড়িবাঁধ সংস্কারের পাশাপাশি চারপাশে বনায়ন করতে হবে। বনায়ন না করলে বেড়িবাঁধ রক্ষা করা কখনো সম্ভব হবে না। তিনি বলেন, এ দ্বীপ রক্ষার জন্য উপকূলীয় ফাউন্ডেশনের উদ্যোগে বনায়ন করা হবে। মাতারবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এনামুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, দ্বীপটি রক্ষা করতে হলে জরুরিভিত্তিতে চারদিকে সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা দরকার। অন্যথায় লবণ, চিংড়ি ও মৎস্যসম্পদে ভরপুর দ্বীপটি যেকোনো মুহূর্তে সাগরে তলিয়ে গিয়ে উপজেলার মানচিত্র থেকে হারিয়ে যাবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবছর চার হাজার একর জমিতে লবণ, পাঁচ হাজার একরে চিংড়ি ও আড়াই হাজার একর জমিতে ধান চাষ হয়। এতে কোটি কোটি টাকা আয় হলেও দ্বীপটি রক্ষার ব্যাপারে কারও মাথাব্যথা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, দ্বীপটি রক্ষার স্বার্থে চারপাশে সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। তিনি বলেন, বিভিন্ন সময়ে ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে ভেঙে যাওয়া বাঁধ সংস্কার এখনো হয়নি। এ কারণে সাগরে উত্তাল ঢেউয়ে এ দ্বীপ রক্ষা বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে। তাই জরুরিভিত্তিতে বর্ষার আগে বাঁধ সংস্কার করতে পাউবো কর্তৃপক্ষকে বলা হয়েছে বলে তিনি জানান। এ প্রসঙ্গে কক্সবাজারের পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, জোয়ার-ভাটা ঠেকানোর জন্য মাতারবাড়ি ও ধলঘাটার দুই কিলোমিটার বাঁধ জরুরি ভিত্তিতে সংস্কার করার জন্য পানি উন্নয়ন বোর্ড প্রায় ১৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। কয়েক দিনের মধ্যে কাজ শুরু করা হবে।