অমাবস্যার জোয়ারে প্লাবিত হয়ে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ও ধলঘাট ইউনিয়নে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা প্রশাসন এই ক্ষয়ক্ষতি নির্ধারণ করেছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ৮ এপ্রিল জোয়ারের পানিতে দুই কিলোমিটার বিকল্প বাঁধের পাশাপাশি ৫০টি কাঁচা ঘরবাড়ি ভেঙে যায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও তিন শ ঘরবাড়ি। এ ছাড়া ভেঙে গেছে ১২টি গ্রামীণ সড়ক। ভেসে গেছে ছয়টি চিংড়ি ঘেরের পোনা। তলিয়ে গেছে প্রায় আট শ একর লবণমাঠ ও চার শ একর বোরো ধানের জমি।
মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল এলাকার চিংড়ি ঘেরের মালিক মোসলেম উদ্দিন বলেন, প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় করে চিংড়ি ঘেরে মাছ চাষ করেছি। কিন্তু জোয়ারে ভেসে গেছে তিন লাখ টাকার মাছের পোনা।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, জোয়ারের কবল থেকে এলাকা রক্ষা করতে স্থানীয় এলাকাবাসী প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে বিকল্প বাঁধ নির্মাণ করলেও জোয়ারের পানিতে ভেঙে গেছে। এখন এলাকায় জোয়ার-ভাটা চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলছে।