মাতারবাড়ী-চালিয়াতলি সড়কে গাড়ি চলে হেলে-দুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খানাখন্দে ভরা মহেশখালী উপজেলার মাতারবাড়ী-চালিয়াতলি সড়ক যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ছবিটি ২ ফেব্রুয়ারি তোলা l প্রথম আলো
খানাখন্দে ভরা মহেশখালী উপজেলার মাতারবাড়ী-চালিয়াতলি সড়ক যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ছবিটি ২ ফেব্রুয়ারি তোলা l প্রথম আলো

চার কিলোমিটার সড়কের অর্ধেকটাই ভাঙা। ইট উঠে গিয়ে স্থানে-স্থানে সৃষ্টি হয়েছে গর্ত। হেলে-দুলে ওই সড়ক দিয়েই চলছে গাড়ি। ভাঙা সড়কের কারণে ভোগান্তির শিকার এলাকার বাসিন্দারা। এমন করুণ দশা কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী-চালিয়াতলি সড়কের।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে মাতারবাড়ী-চালিয়াতলি সড়কের চার কিলোমিটার কাঁচা সড়কের মধ্যে তিন কিলোমিটারে পিচঢালাই করা হয়। এরপর বাকি এক কিলোমিটার কাঁচা সড়কে ইট বিছানো হয়। গত বছরের ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানু আর জোয়ারের কবলে পড়ে ওই সড়কের চার কিলোমিটারের মধ্যে প্রায় দুই কিলোমিটার ভেঙে যায়। কিন্তু নয় মাস অতিবাহিত হলেও এখনো রোয়ানুর ক্ষত থেকে গেছে সড়কে।
মাতারবাড়ী ইউনিয়নের রাজঘাট এলাকার সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘সড়কের দুই কিলোমিটারজুড়ে গর্ত আর গর্ত। প্রতিদিন ঝাঁকুনি খেতে খেতে গাড়ি চলাই। এই সড়কে প্রায়ই দুর্ঘটনাও ঘটতে দেখছি।’
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, ‘সড়কটি সংস্কারের ব্যাপারে জেলা প্রশাসক ও স্থানীয় প্রকৌশল অধিদপ্তর থেকে শুরু করে সাংসদের কাছেও গিয়েছি। অনেক বার ধরনা দিয়েও কোনো কাজ হয়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম বলেন, ওই সড়ক নিয়ে এলাকার লোকজন খুব কষ্টে আছেন। তাই সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য প্রকৌশলীকে বলা হয়েছে।
জানতে চাইলে মহেশখালীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ খাইরুল আলম বলেন, ‘সড়কটি আগাগোড়া সংস্কারের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়। কিন্তু বরাদ্দ না পাওয়ায় সড়কটির সংস্কার করা সম্ভব হয়নি। তবে আপাতত কাজ চালানোর মতো সংস্কার করার লক্ষ্যে দেড় কোটি টাকা বরাদ্দ পেয়েছি। এখন সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।’