
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে দেশের সর্ববৃহৎ ৩৬ হাজার কোটি টাকার ‘মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের’ কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে মাটির উন্নয়ন, নদী খনন ও নানা অবকাঠামো তৈরি হচ্ছে। এরপর দ্বিতীয় ধাপে আরও ৩০ হাজার কোটি টাকার কাজ শুরু হবে শিগগিরই। তবে নির্মাণকাজে সুযোগ না পাওয়ায় হতাশ স্থানীয় বাসিন্দারা।
মাতারবাড়ীর প্রকল্প এলাকার বাসিন্দারা জানান, মহেশখালী উপজেলার বাইরে থেকে আনা লোকজনকে দিয়েই তাপবিদ্যুৎ প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে। এতে প্রকল্পের জন্য জমিদাতারা হতাশ হয়েছেন।
জেলা প্রশাসনের রাজস্ব শাখা সূত্র জানায়, ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য অধিগ্রহণ করা ১ হাজার ৪১৪ একর জমি ২০১৪ সালের ২৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়। আর এই প্রকল্প বাস্তবায়নের জন্য একনেক সভায় অনুমোদন হয় ৩৫ হাজার ৯৮৪ কোটি ৪৬ লাখ টাকা। এর মধ্যে জাপানের উন্নয়ন সংস্থা-জাইকা দিচ্ছে ২৮ হাজার ৯৩৯ কোটি টাকা। এ ছাড়া সরকারি খাত থেকে ৪ হাজার ৯২৬ কোটি ৬৬ লাখ এবং কোল পাওয়ার জেনারেশন কোম্পানির নিজস্ব তহবিল থেকে আসবে ২ হাজার ১১৮ কোটি ৭৭ লাখ টাকা। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ২০২৩ সালের অক্টোবরে।
সম্প্রতি তাপবিদ্যুৎ প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, অধিগ্রহণ করা বিশাল লবণ ও চিংড়ি চাষের জমি ঘিরে আনসার সদস্যদের পাহারা বসানো হয়েছে। চলছে একাধিক বহুতল ভবন নির্মাণ, নদী খনন ও মাটি ভরাটের কাজ। তাপবিদ্যুৎ প্রকল্পের পশ্চিমে চ্যানেল ড্রেজিং করার পাশাপাশি দক্ষিণে নির্মাণ করা হয়েছে প্রতিরক্ষামূলক বেড়িবাঁধ। প্রকল্পের উত্তর–পূর্ব দিকে কয়েক লাখ ঘনমিটার বালু স্তূপ করে রাখা হয়েছে। এ ছাড়া প্রকল্পের অভ্যন্তরে চলাচলের জন্য তৈরি হচ্ছে সড়ক। নৌপথে ওঠানামার জন্য নির্মাণ করা হয়েছে জেটি। স্থায়ী তিনতলা অফিস ভবনের ভেতরে-বাইরে চলছে রং আর পলেস্তারার কাজ।
সংশ্লিষ্ট সূত্রমতে, প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিডেট প্রথম ধাপে প্রস্তুতিমূলক কাজের জন্য প্রায় ৫০০ কোটি টাকার দরপত্র আহ্বান করে ২০১৫ সালের শেষের দিকে। নির্মাণকাজের দায়িত্ব পায় জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘পেন্টা ওশান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড’। কার্যাদেশ মতে, ২০১৬ সালের মার্চে তারা কাজ শুরু করে। চলতি মার্চ মাসে প্রথম ধাপের কাজ শেষ পর্যায়ে।
ঠিকাদারি প্রতিষ্ঠান পেন্টা ওশান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (স্বাস্থ্য, সুরক্ষা ও পরিবেশ) সৈয়দ আশিকুর রহমান বলেন, তাপবিদ্যুৎ প্রকল্পের প্রস্তুতিমূলক কাজের মধ্যে চ্যানেলে ২ দশমিক ৮ কিলোমিটার ড্রেজিং, মাটি ভরাট, বালু স্টক রাখা, জেটি ও বেড়িবাঁধ নির্মাণ, বিকল্প সড়ক নির্মাণ ও বালু ভরাটের কাজ শেষ হয়েছে। আর স্থায়ী অফিসের তিনতলা ভবনের ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ চলতি মার্চ মাসে শেষ করে পুরো প্রস্তুতিমূলক কাজ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিডেটের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
জানতে চাইলে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিডেটের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মাহমুদ আলম বলেন, প্রথম ধাপে প্রায় ৫০০ কোটি টাকার তাপবিদ্যুৎ প্রকল্পের প্রস্তুতিমূলক কাজ শেষ পর্যায়ে। এ ছাড়া প্রায় ৭৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। তিনি বলেন, দ্বিতীয় ধাপের কাজের জন্য প্রায় ৩০ হাজার কোটি টাকার আরেকটি দরপত্র আহ্বান করা হয়েছে। জাপানি দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান আগামী জুলাই মাসে পুরোদমে বিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ শুরু করবে।
তিনি বলেন, দ্বিতীয় ধাপের কাজে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন, সমুদ্রবন্দর সুবিধা ও চট্টগ্রাম থেকে প্রকল্পস্থল পর্যন্ত ৪০০ কেভির বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করা হবে।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, প্রায় ৩৬ হাজার কোটি টাকার দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়িত হলে মাতারবাড়ীর চেহারা পাল্টে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাপবিদ্যুৎ প্রকল্পের উন্নয়নকাজে স্থানীয় বাসিন্দাদের চাকরি দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। বাইরের লোকজন দিয়েই প্রকল্পের কাজ চালানো হচ্ছে। এতে পেশা হারিয়ে এলাকার ৩৫ হাজার মানুষ বেকার জীবন যাপন করছেন। ফলে এলাকার লোকজনের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও হতাশা।
মাতারবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বশির আহমদ বলেন, এখন লবণ উৎপাদন মৌসুমে এক একর জমির লাগিয়ত পাওয়া যায় প্রায় ৯০ হাজার টাকা। অধিগ্রহণ করা বিপুল জমি খালি পড়ে আছে। সেই জমিতে লবণ উৎপাদন বন্ধ থাকায় এলাকার হাজার হাজার মানুষ বেকার। লবণ মাঠে কাজ করলে একজন শ্রমিক দৈনিক ৫০০ টাকা করে পান। আর এখন তিন বছর ধরে এলাকায় কাজ নেই। বিদ্যুৎ প্রকল্পের জন্য নিজের ৭০ একর জমি অধিগ্রহণ করা হলেও এখনো ক্ষতিপূরণের চেক মিলছে না।
এ প্রসঙ্গে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিডেটের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলম বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ আছে। ইতিমধ্যে পুনর্বাসনের মাটি ভরাটের দরপত্র আহ্বান করা হয়েছে। বিদ্যুৎ প্রকল্পের উন্নয়নকাজে স্থানীয় লোকজনের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।