মাতাল গাড়িচালকের অভিনব সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতাল হয়ে গাড়ি চালালে যেতে হবে মর্গে। না, লাশ হয়ে নয়। বরং সেখানে রাখা অন্যদের লাশ কাছ থেকে দেখতেই যেতে হবে। শুধু তা-ই নয়, হাত লাগাতে হবে সেখানকার কাজকর্মেও। থাইল্যান্ডের সরকার মাতাল গাড়িচালকদের শায়েস্তা করতে এমন অভিনব শাস্তিই নির্ধারণ করেছে।
থাইল্যান্ডের সড়ক পরিবহনের নিরাপত্তা নাজুক হয়ে পড়েছে। তাই যান চলাচল-ব্যবস্থার হাল ফেরাতে এমন সিদ্ধান্ত নিয়েছে সামরিক সরকার। কর্তৃপক্ষ মনে করছে, এভাবে মাতাল চালকদের ধরে ধরে মর্গে পাঠালে তাঁরা ঠাওর করতে পারবেন মাতাল অবস্থায় গাড়ি চালালে মৃত্যু ঘনিয়ে আসতে পারে তাঁদের জীবনেও। আর তাঁদের মধ্যে এই বোধ এলে কমবে সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু। থাইল্যান্ডের সড়কগুলো বিশ্বের দ্বিতীয় প্রধান বিপজ্জনক সড়ক হিসেবে চিহ্নিত।
সরকারি কর্মকর্তা নোনতাজিত নেতপুক্কানা বলেন, মন্ত্রিসভা মাতাল অবস্থায় গাড়ি চালানো ব্যক্তিদের মর্গে পাঠানোর প্রস্তাব অনুমোদন করেছে। তিনি বলেন, হাসপাতালগুলোতে সামাজিক সহযোগিতা হিসেবে কাজ করার ব্যবস্থা আগে থেকেই চালু ছিল। তবে এবার মাতাল চালকেরা হাসপাতালের মর্গে গিয়ে কাজ করলে বুঝতে পারবেন দুর্ঘটনার পর কী হয়, এর ভয়াবহতা কতটুকু।
থাইল্যান্ডের নববর্ষের উৎসব সংক্রান শুরু হচ্ছে আজ বুধবার থেকে। তিন দিনের এ উৎসবের প্রাক্কালে এ ঘোষণা দেওয়া বেশ তাৎপর্যপূর্ণ। প্রতিবছর সংক্রানের সময় সড়ক দুর্ঘটনায় প্রচুরসংখ্যক প্রাণহানি হয় থাইল্যান্ডে। দেশটিতে দুটি উৎসবের সময় বেশি সড়ক দুর্ঘটনা হয়। সংক্রান ছাড়া আরেকটি হলো ইংরেজি নববর্ষের সময়। থাই সরকার এবং দেশের গণমাধ্যম ‘সাত ভয়াবহ দিন’ নামে এই দুই সময়কে অভিহিত করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, প্রতিবছর থাইল্যান্ডে ২৪ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়।