
ইনডালো ব্যান্ডের নামটা নতুন মনে হলেও ভোকালিস্ট ও গিটারিস্ট জন কবিরকে ভালোই চেনেন চট্টগ্রামের গান পাগল তারুণ্য। দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকের সাবেক এই সদস্য আরও তিন শিল্পীকে নিয়ে গঠন করেন ইনডালো। ২০১২ সালে যাত্রা করা এই ব্যান্ডের প্রথম অ্যালবাম প্রকাশের অনুষ্ঠান ঘিরে তাই দর্শকের আগ্রহেরও কমতি ছিল না। নিরাশ করেনি ইনডালো। গানে গানে দর্শক মাতিয়ে গেলেন ঢাকার এই ব্যান্ড দলের শিল্পীরা।
২ অক্টোবর বিকেলে নগরের মেহদিবাগের একটি ক্যাফেতে শুরু হয় ইনডালোর ‘কখন কীভাবে এখানে কে জানে’ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান। অনুষ্ঠানস্থলে রাখা হয়েছিল ব্যান্ডের লোগোসংবলিত টি–শার্ট ও অ্যালবামের সিডি। গান শুনতে আসা তরুণ-তরুণীদের অনেকে সিডি ও টি–শার্ট কিনেছেন। সেলফি তুলেছেন ইডালোর চার সদস্য জন কবির, ভোকালিস্ট ও গিটারিস্ট জুবায়ের হাসান, বেস গিটারিস্ট বার্ট নন্দিত আড়েং এবং ড্রামার ডিও হকের সঙ্গে।
ব্যান্ড দলের সদস্যরা জানান, এর আগে গত ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ঢাকায় এই অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছিল। অ্যালবামে স্থান পেয়েছে ১৩টি রক, মেটাল ও সফট মেটাল গান। এসব গানের মধ্যে ইউটিউবে ছাড়া হয়েছিল দুটি গানের ভিডিও। এর মধ্যে ‘আইএসডি’ গানটির ভিডিও দেখেছে ৯০ হাজারেরও বেশি দর্শক।
অনুষ্ঠানে ইনডালোর পরিবেশনা শুরুর আগে গান পরিবেশন করেন বেশ কয়েকটি ব্যান্ড দলের সদস্যরা। প্রথমেই ছিল ‘লাউড বয়’ ব্যান্ড দলের পরিবেশনা। একে একে তিনটি ইংরেজি গান পরিবেশন করে বিদায় নেয় তারা। ‘লাউড বয়’ ব্যান্ড দলের বিদায়ের পর মঞ্চে গান পরিবেশন করে ব্যান্ড দল ‘উন্মাদ’। এরপর দর্শকদের মাতিয়ে তোলেন ‘মাশফি অ্যান্ড ফ্রেন্ডস’, ‘বে অব বেঙ্গল’ ও ‘দ্য ট্রি’ ব্যান্ড দলের সদস্যরা।
সবশেষে মঞ্চে আসে ব্যান্ড দল ইনডালো। সদ্য মুক্তি পাওয়া অ্যালবাম থেকে ব্যান্ড দলের সদস্যরা পরিবেশন করেন ‘তোমার সকাল’, ‘ক্যানভাস’, ‘আত্মনগর’, ‘অবশেষে’ ও ‘আইএসডি’ শিরোনামের পাঁচটি গান। গানের ফাঁকে শিল্পীরা কথাও বলেন দর্শকদের সঙ্গে। জানালেন, নিজেদের মুগ্ধতার অনুভূতিও। তাঁদের কথা, চট্টগ্রামের দর্শকেরা যে সাড়া দিয়েছে, তা অভূতপূর্ব! এ থেকে ভবিষ্যতে আরও নতুন কাজ করার অনুপ্রেরণাও পেলেন তাঁরা।