
রবীন্দ্রনাথ দিয়ে শুরু। মাঝে জীবনানন্দ, শঙ্খ ঘোষ ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। শেষে জয় গোস্বামী। কবিতায় সুর। সুরের ভেলায় শ্রোতাদের নিয়ে গেলেন ধানসিঁড়ির তীর থেকে বেনী মাধবের বাড়ি। গাইলেন, জয় করলেন শ্রোতাদের মন। তিনি লোপামুদ্রা মিত্র। দুই বাংলায় জনপ্রিয় ভারতীয় শিল্পী। ১২ সেপ্টেম্বর সুরেলা সন্ধ্যায় মাতিয়ে গেছেন চট্টগ্রাম।
চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গান করেন তিনি। শুরুতে মাইক্রোফোন নিয়ে খানিকটা অভিমানের সুরে বললেন, এত দিন কেন চট্টগ্রামে ডাকা হয়নি। বললেন, ‘রাজনৈতিক কারণে আমরা আলাদা। কিন্তু মা তো এক। আমরা এক ভাষায় কথা বলি।’
অবশ্য কথা খুব বেশি বাড়াননি। গলায় তুললেন সুর, ‘তোমায় গান শোনাব/ তাই তো আমায় জাগিয়ে রাখো।’ এরপর করলেন ‘ডাকছে আকাশ ডাকছে বাতাস’। করতালিতে যেন ফেটে পড়ল মিলনায়তন। জমে গেল আসর। এবার শিল্পীর কণ্ঠে ‘আবার আসিব ফিরে’। এরপর করেন ‘ধনধান্য পুষ্পভরা’ ও ‘আমার সোনার হরিণ চাই’।
আবার কথা। কিছুটা দৃঢ় কণ্ঠ। চোখে দ্রোহের আগুন। খাদ্য আন্দোলন নিয়ে লেখা কবি শঙ্খ ঘোষের কবিতা কীভাবে গানে আনলেন সেই কথা জানালেন। গেয়ে শোনান ‘যমুনাবতী সরস্বতী’। পুরো মিলনায়তন যেন আচ্ছন্ন হয়ে গেল সুরে। এবার আশ্রয় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ‘ভালো আছি ভালো থেকো’। আবার রবীন্দ্রনাথে ফেরা ‘তোমার খোলা হাওয়ায়’, ‘তোমায় হৃদ মাঝারে রাখিব’।
একে একে গেয়ে শোনান ‘এ সান সুন্দর খেঁাপায়’, ‘আমার মতে তোর মতো কেউ নেই’, ‘বাংলা ভুলি কী করে’, ‘মনে পড়ে সেই সুপরি গাছের সারি’ ও ‘সুন্দরী কমলা’। সব শেষে ‘বেনী মাধব’। জয় গোস্বামীর বিখ্যাত সেই কবিতা সুর হয়ে লোপামুদ্রার কণ্ঠে ‘বেনী মাধব তোমার বাড়ি যাব’।
অনুষ্ঠানের শুরুতে ছিল কথামালা। এতে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা। শিল্পীকে আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেন সংগঠনের পরিচালক লিটন মিত্র ও উপদেষ্টা নাসির উদ্দিন চৌধুরী। ক্রেস্ট তুলে দেন উপদেষ্টা সিরাজুল ইসলাম। অতিথি বরণে আপ্লুত লোপামুদ্রা বলেন, ‘আমি বারবার আসতে চাই চট্টগ্রামে’।