ফেনীর সোনাগাজী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রায় চার মাস কর্মস্থলে অনুপস্থিত। অসুস্থতাজনিত কারণে ছুটিতে আছেন তিনি। কিন্তু তাঁর জায়গায় কোনো কর্মকর্তাকে পদায়ন না করায় দাপ্তরিক নানা কাজ আটকে আছে। মাতৃত্বকালীন ভাতা তুলতে পারছেন না ৪৪১ জন দরিদ্র নারী।
১ থেকে ১০ অক্টোবর ছিল ভাতা তোলার নির্ধারিত দিন। তিন মাস অন্তর এ ভাতা তোলা হয়। সরকার দরিদ্র নারীদের মাসে ৫০০ টাকা হারে এই ভাতা দেয়।
উপজেলার বগাদান ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা আলেয়া বেগম (২৯) বলেন, ‘গত মাসে ভাতা তুলতে গিয়ে ফেরত এসেছি। কখন দেবে এটাও জানি না।’
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আফসানা ইসলাম অসুস্থতার জন্য গত ৭ জুলাই থেকে দুই মাসের ছুটিতে যান। তিনি ছুটি শেষে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যোগদান করার কথা ছিল। কিন্তু সুস্থ না হওয়ায় যোগদান না করে আবারও দুই মাসের ছুটি নিয়েছেন। চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে যোগদানের কথা থাকলেও তিনি কর্মস্থলে যোগদান করেননি।
এ ব্যাপারে বক্তব্য জানতে শারমিন আফসানা ইসলামের মুঠোফোনে কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর অনুপস্থিতিতে কার্যালয়ের দৈনন্দিন কাজেও ব্যাঘাত হচ্ছে। নারীর প্রতি সহিংসতা, যৌতুক ও নারী নির্যাতন এবং বাল্য বিবাহ রোধসহ নানা কার্যক্রমেও স্থবিরতা দেখা দিয়েছে। তা ছাড়া ২০১৫-১৬ অর্থবছরে উপজেলায় ২৭০ জন মাতৃত্বকালীন ভাতাভোগী নির্বাচন করার নির্দেশনা থাকলেও এ সংক্রান্ত কোনো চিঠি ইউনিয়ন পরিষদগুলোতে পাঠানো হয়নি।
এ প্রসঙ্গে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজিলা বেগম বলেন, বর্তমান কর্মকর্তা অসুস্থ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। আশা করি শিগগির উক্ত পদে নতুন কর্মকর্তাকে পদায়ন করা হবে অথবা অন্য কোনো উপজেলা কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হবে।