
হবু মায়েদের পোশাক নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেছে ফ্যাশন হাউস সাদা-কালো। ঢাকার ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ২ মে এর উদ্বোধন হয় এক ফ্যাশন শোর মাধ্যমে। নানা ধরনের সালোয়ার-কামিজ, টপ, শাড়ি, গাউন ইত্যাদি পোশাক দেখানো হয় এদিন। অফিসের পোশাক, ঘরে পরার পোশাক, পার্টির পোশাক, বাইরে ঘোরা বা কেনাকাটা করতে গেলে হবু মায়েরা যেমন পোশাক পরবেন, সেগুলোই তুলে ধরা হয়।

যাতে মায়েরা আরামবোধ করেন, সেভাবেই করা হয়েছে এসবের নকশা। সাদা-কালোর অন্যতম স্বত্বাধিকারী ও ডিজাইনার তাহসিনা শাহীন বলেন, ‘মা হবার সময়টা প্রত্যেক নারীর জন্যে একটি বিশেষ সময়। এই সময়ে মাকে সুন্দর, সহজ আর স্বাভাবিক থাকতে হয়। নিজের পোশাক নির্বাচন নিয়ে মায়েরা তখন পড়েন বেশ ঝামেলায়। মা দিবস সামনে রেখে হবু মায়েদের জন্য সাদা-কালো তাই এই প্রয়াস চালিয়েছে। তাদের আরামের কথা ভেবেই সুতি কাপড়ে করা হয়েছে নানা ধরনের প্রিন্ট আর সুতার কাজ। আশা করছি পোশাকগুলো মায়েদের চাহিদা কিছুটা হলেও মেটাবে।’
ফ্যাশন শো শেষে নিজেদের গর্ভকালীন সময়ের অনুভূতি প্রকাশ করেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, অভিনয়শিল্পী শম্পা রেজা, লালবাগ থানার এডিসি আবিদা সুলতানা প্রমুখ।
প্রদর্শনী শেষ হবে ১৫ মে। রোববার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।