মাতৃভাষা দিবসে নগরে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদের স্মরণে রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন আজ নগরে নানা কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রভাতফেরি, শোভাযাত্রা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কবিতাপাঠের আসর ও চলচ্চিত্র প্রদর্শনী।মহানগর আওয়ামী লীগ সকাল নয়টায় শোভাযাত্রা বের করবে। শোভাযাত্রা শেষে মুসলিম ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। নগর বিএনপির কর্মসূচিতে রয়েছে প্রভাতফেরি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা।চট্টগ্রাম সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের যৌথ উদ্যোগে নগরের মুসলিম ইনস্টিটিউট হলের সামনে একুশের বইমেলার মঞ্চে থাকছে নানা অনুষ্ঠান। সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ছড়া পাঠের আসর। বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘একুশের কবিতা’র উদ্যোগে চেরাগী পাহাড় মোড়ে লুসাই ভবনের সামনে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে কবিতা পাঠের আসর। একুশ মেলা পরিষদও আয়োজন করেছে দিনব্যাপী অনুষ্ঠানের। সকালে শহীদ মিনারে ফুল দেওয়ার পর সকাল নয়টা থেকে শুরু হবে ডিসি হিলের একুশে বইমেলার মঞ্চে উদীচী শিল্পী গোষ্ঠী, প্রমা আবৃত্তি সংগঠন, তারুণ্যের উচ্ছ্বাস, স্বাধীন বাংলা বেতার শিল্পীদের অংশগ্রহণে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। বিকেলে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও একুশে পদক প্রদান অনুষ্ঠান। বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে থাকছে প্রভাতফেরি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। ফুল দেওয়া শেষে শাহ আমানত মার্কেটের সামনে ‘শব্দের সংগীন আমরণ সঙ্গী’ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠান। সাংস্কৃতিক সংগঠন উদীচী সকালে প্রভাতফেরি, শহীদ মিনারে ফুল দেওয়া শেষে শহীদ মিনারের পাশে সকাল আটটায় আয়োজন করবে গণসংগীত অনুষ্ঠানের। পরে দুপুরে বর্ণমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সন্ধ্যায় ডিসি হিলের একুশের বইমেলা পরিষদের আয়োজিত বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করবে। প্রমা আবৃত্তি সংগঠনও শহীদ মিনারে ফুল দেওয়ার মধ্য দিয়ে তাদের দিনের কর্মসূচি শুরু করবে। পরবর্তী সময়ে দুপরে বাওয়া স্কুলের মাঠে প্রথম আলো আয়োজিত বর্ণমেলায় কবিতা পাঠের আসরে আবৃত্তি পরিবেশন করবেন সংগঠনের সদস্যরা। এদিকে, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আজ ‘আমার ভাষার ছবি’ শীর্ষক চলচ্চিত্র অধিবেশনের আয়োজন করেছে চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র। সকাল ১১টায় প্রদর্শিত হবে রোকেয়া প্রাচী পরিচালিত বাহান্নর মিছিলে ও জহির রায়হান পরিচালিত স্টপ জেনোসাইড, দুপুর একটায় সালাউদ্দিন পরিচালিত ধারাপাত, দুপুর আড়াইটায় আলমগীর কবির পরিচালিত সূর্যকন্যা, বিকেল সাড়ে পাঁচটায় আবু সাইয়ীদ পরিচালিত রূপান্তর এবং সন্ধ্যা সাড়ে সাতটায় সাদেক খান পরিচালিত নদী ও নারী।