মাতৃভাষার বই পায়নি রাঙামাটির শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে এখনো মাতৃভাষার বই পায়নি ক্ষুদ্র জাতিসত্তার শিশুরা। ফলে শিশুদের মাতৃভাষায় পাঠদান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে সব উপজেলা শিক্ষা কার্যালয়ে বই সরবরাহ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারি চাহিদা অনুযায়ী জেলার চার সম্প্রদায়ের ১৩ হাজার ৭০৭টি মাতৃভাষার প্রাক-প্রাথমিক পাঠ্যবই পাওয়া গেছে। এর মধ্যে চাকমা সম্প্রদায়ের ১০ হাজার ৮২টি, মারমা সম্প্রদায়ের ২ হাজার ১৬৪টি, ত্রিপুরা সম্প্রদায়ের ৫৮৩টি ও রাখাইন সম্প্রদায়ের জন্য রয়েছে ৩৮১টি বই। এগুলো ইতিমধ্যে সব উপজেলা শিক্ষা কার্যালয়ে সরবরাহ করা হয়েছে। শিক্ষা কার্যালয় থেকে বইগুলো কিছু কিছু স্কুলে পাঠানো হলেও এখনো শিশুদের হাতে পেঁৗছে দেওয়া হয়নি সেগুলো। এর আগে গত ২ জানুয়ারি অন্যান্য পাঠ্যবইয়ের সঙ্গে শুধু মাতৃভাষায় শিক্ষক নির্দেশিকা বই ও শিশুদের শিখনচর্চা খাতা সরবরাহ করা হয়েছে।
জুরাছড়ি উপজেলা পানছড়ি ভুবনজয় সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিত্যানন্দ চাকমা বলেন, ‘আমরা এখনো মাতৃভাষার কোনো বই পাইনি। তবে উপজেলা শিক্ষা কার্যালয়ে বই এসেছে বলে শুনেছি। আমার বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের ২২ জন শিক্ষার্থী রয়েছে।’
সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে সাপছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলো মুনি চাকমা প্রথম আলোকে বলেন, ‘আমার বিদ্যালয়ে ১৩ জন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রাক-প্রাথমিকের চাকমা শিশু রয়েছে। ১৩টি বই পাওয়া গেছে। তবে এখনো শিশুদের হাতে দেওয়া হয়নি। কারণ চাকমা ভাষা শেখানোর কোনো শিক্ষক নেই। বই দিয়ে লাভ নেই। তা ছাড়া শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে বই বিতরণের কোনো নির্দেশও পাওয়া যায়নি।’
জুরাছড়ি উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর বলেন, ‘আমার উপজেলায় পাহাড়ি শিশুদের জন্য মাতৃভাষার ১ হাজার ১৪৬৮টি বই পেয়েছি। কিছুদিনের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। দুর্গম এলাকা হওয়ায় শিক্ষকেরা এখনো বই নিতে আসতে পারেননি।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, জেলায় ক্ষুদ্র জাতিসত্তার শিশুদের জন্য প্রাক-প্রাথমিকের চার সম্প্রদায়ের চাহিদা অনুযায়ী ১৩ হাজার ৭০৭টি বই পাওয়া গেছে। ইতিমধ্যে সব উপজেলা শিক্ষা কার্যালয়ে সরবরাহ করা হয়েছে এবং কয়েক দিনের মধ্যে শিশুদের হাতে পেঁৗছে যাবে।