মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠায় রাউজানের মানুষের অন্য রকম গর্ববোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভাষা ও স্বাধীনতাআন্দোলনে অংশগ্রহণ এবং বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের ব্যাপারে রাউজানের মানুষের অন্য রকম গর্ববোধ রয়েছে। বাহান্নের একুশে ঢাকার রাজপথ রঞ্জিত করেছিলেন শহীদ সালাম, জব্বার, রফিকসহ আরও অনেকেই। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ভাষার বিশ্ব স্বীকৃতি আদায়ের গৌরবময় ইতিহাসের সূচনা করেন রাউজানের ছেলে আর এক আবদুস সালাম ও কুমিল্লার মোহাম্মদ রফিক। আবদুস সালাম রাউজানের ডাবুয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা প্রয়াত চিকিত্সক শামশুল আলমের ছেলে। বর্তমানে কানাডা প্রবাসী এই দুই বন্ধুর প্রচেষ্টায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর বাংলা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পায় জাতিসংঘের শিক্ষা-বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেস্কো) স্বীকৃতির মাধ্যমে। আর তখন থেকে বিশ্বের ১৮৮ দেশ একুশ ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করে।’ সম্প্রতি এক আলাপচারিতায় এসব কথা বলেন প্রবীণ সাংবাদিক সিদ্দিক আহমেদ। তিনি আরও জানান, একুশের প্রথম কবিতার (কাঁদতে আসি নি ফাঁসির দাবি নিয়ে এসেছি) রচয়িতা সাহিত্যিক মাহবুব-উল-আলম চৌধুরীর বাড়িও এই উপজেলার গহিরা গ্রামে। ১৯৫৪ সালে ভাষা শহীদদের স্মরণে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত স্মরণসভার উদ্যোক্তা ছিলেন ভারত স্বাধীনতা স্মারক তাম্র পুরস্কারপ্রাপ্ত প্রয়াত কমরেড তেজেন্দ্র দত্ত, বর্তমানে আমেরিকা প্রবাসী চিকিত্সক আনোয়ার হোসেন, মরহুম নুরুল আবসার, ভারতের নাসিকস্থ টাকশালের তত্কালীন তত্ত্বাবধায়ক ও স্বাধীন বাংলাদেশ সরকারকে প্রথম ছাপানো মুদ্রা সরবরাহকারী প্রয়াত রুহুনী বিশ্বাস, গুরা মিয়া, মতিয়ুর রহমান, মাস্টারদা সূর্য সেনের কনিষ্ঠ সহযোগী বিপ্লবী অম্বিকা চক্রবর্তী, কমরেড নির্মল সেন, রজত সেন। এঁরা সবাই রাউজানের সন্তান। ওই সভায় সভাপতিত্ব করেছিলেন তাঁর বাবা খলিলুর রহমান মাতব্বর। রাউজানের অপর প্রবীণ রাজনীতিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শফিকুল ইসলাম চৌধুরী বলেছেন, তত্কালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সভাপতি আবদুল্লাহ আল হারুনের নেতৃত্বে বাহান্ন পরবর্তী ভাষা আন্দোলনের বিভিন্ন কর্মসূচি পালিত হতো। তাঁর বাড়ি উপজেলার গহিরা এলাকায়। ৫৩-৫৪ সালের দিকে আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেন তত্কালীন এই ছাত্রনেতা। তিনিও মনে করেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনের প্রতিটি ধাপে রাউজানের সন্তানদের অবদান গর্ব করার মতো।