সকাল ১০টা ছুঁই ছুঁই। বিদ্যালয়ে সব শিশু শিক্ষার্থী হাজির। ঢুকতেই সমস্বরে বলে উঠল জু জু (চাকমা ভাষায় নমস্কার)। তিন-চার বছরের এসব শিশু খেলতে খেলতে পড়ছে। আর তাদের পরম মমতায় পাঠদান করছেন শিক্ষিকা মঞ্জুলিকা চাকমা। দুটি শাখায় পড়ছে ২৩টি শিশু।এ চিত্র পানছড়ি উপজেলার দুর্গম দুধুকছড়ার হাতিমারা এলাকার প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের। সেভ দ্য চিলড্রেনের সহায়তায় খাগড়াছড়ির জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে পরিচালিত হচ্ছে বিদ্যালয়টি।শিক্ষিকা মঞ্জুলিকা চাকমা বলেন, ‘মাতৃভাষার মাধ্যমে শিশুদের শেখাতে আমার খুব ভালো লাগে। মাতৃভাষায় তারা খুব সহজেই পড়া শিখতে পারে।’ তিনি বলেন, ‘প্রথমে তাদের মাতৃভাষায় আর শেষ ছয় মাস বাংলা ভাষায় পাঠদান দেওয়া হয়, যেন তারা প্রাথমিক বিদ্যালয়ে বাংলা ভাষায় পড়তে কোনো অসুবিধায় না পড়ে।’ অভিভাবক আপেলি চাকমা বলেন, ‘দুই কিলোমিটার দূর থেকে এখানে বাচ্চাকে নিয়ে আসি মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য। আমি নিজেও চাকমা ভাষায় লিখতে, পড়তে পারি না। এখন আমার মেয়ে চাকমা ভাষায় লিখতে ও পড়তে পারে। এতে আমি খুশি।’ বিনতা চাকমা নামের আরেক অভিভাবক বলেন, ‘দুই বছর আগে এখান থেকে পড়া শেষ করে আমার ছেলে সুপ্রভাত চাকমা হাতিমারা প্রাইমারি স্কুলে ভর্তি হয়। সেখানে সে দ্বিতীয় শ্রেণীতে প্রথম হয়েছে।’হাতিমারা বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর সিং চাকমা বলেন, জাবারাং কল্যাণ সমিতির প্রাক-প্রাথমিক বিদ্যালয় থেকে আসা শিশুরা লেখাপড়ায় ভালো।অভিভাবকেরা একটু সচেতন হলে তারা আরও ভালো ফল করতে পারবে।পানছড়ি উপজেলা জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প কর্মকর্তা বিদ্যাপূর্ণ চাকমা জানান, ২০০৭ সাল থেকে এ কার্যক্রম চলছে। প্রকল্পের আওতায় ৪১টি বিদ্যালয় রয়েছে। এর মধ্যে চাকমা ভাষায় প্রাক-প্রাথমিক বিদ্যালয় ১৮টি, ত্রিপুরা ভাষায় ১১টি, কমিউনিটি লার্নিং বিদ্যালয় ১১টি ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে একটি। এতে ৮৫৭ জন শিশু শিক্ষার্থী পড়ছে। এ ছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে পানছড়িতে আরও ১০টি মাতৃভাষাভিত্তিক বিদ্যালয় রয়েছে। সেখানে ৩৩৯ জন শিক্ষার্থী পড়ছে। এ প্রসঙ্গে পানছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল রহমান বলেন, মাতৃভাষায় প্রথম পাঠ পাওয়ায় শিশুদের ভয়, জড়তা কমে যায়। ফলে ঝরে পড়ার হার কমছে। শিশুরাও বিদ্যালয়মুখী হচ্ছে।