মাতৃভাষায় শিখবে আদিবাসী শিশুরা
বান্দরবানের প্রাথমিক বিদ্যালয়গুলোতে অতিরিক্ত পাঠ্যক্রম হিসেবে আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পরিষদের গঠিত পাঠ্যবই প্রণয়ন কমিটি মারমা, বম ও ম্রো ভাষায় পাঠ্যবইয়ের পাণ্ডুলিপি তৈরির কাজ চূড়ান্ত করেছে। তবে কখন থেকে আদিবাসী মাতৃভাষায় শিক্ষা চালু করা সম্ভব হবে সংশ্লিষ্ট কেউ তা জানাতে পারেননি। এদিকে, বেসরকারিভাবে পরিচালিত গণস্বাস্থ্যকেন্দ্রের (জিকে) বন্ধ হয়ে যাওয়া ৬০টি ম্রো আদিবাসী মাতৃভাষা বিদ্যালয়ও আগামী মাস থেকে আবার চালু হচ্ছে। তহবিল-সংকটের কারণে বিদ্যালয়গুলো এক বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল বলে গণস্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।এর আগে বেসরকারি উন্নয়ন সংস্থা জিকে ম্রো ভাষা শিক্ষা উন্নয়ন কমিটির সহযোগিতায় তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠ্যবই প্রণয়ন করে। এরপর জেলা পরিষদ ২০০৬ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে জাতীয় পাঠ্যক্রম অক্ষুণ্ন রেখে আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা দেওয়ার উদ্যোগ নেয়। তারা মারমা ও বম ভাষায় পাঠ্যবই প্রণয়ন করে। জিকের আর্থিক সহযোগিতায় প্রকাশিত ১২ হাজার পাঠ্যবই দিয়ে ২০০৮ সালে মাতৃভাষায় শিক্ষা চালু করার কথা ছিল। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময়ে একটি বিশেষ মহলের বাধার মুখে তা চালু করা সম্ভব হয়নি। জেলা পরিষদ সূত্রে জানা যায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিএনপি সরকারের সময়ে প্রণীত পাঠ্যবই বাতিল করে আবারও আদিবাসী ভাষায় পাঠ্যবই প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পরিষদ সদস্য অংপ্রু ম্রোকে আহ্বায়ক ও আদিবাসী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং মারমাকে সদস্যসচিব করে পাঠ্যবই প্রণয়ন কমিটিও করা হয়েছে। কমিটির সদস্যসচিব মংনুচিং জানিয়েছেন, পাঠ্যবই প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাণ্ডুলিপি তৈরি হলে জেলা পরিষদে হস্তান্তর করা হবে। পরিষদ বই প্রকাশের উদ্যোগ নেবে এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে কীভাবে অতিরিক্ত বিষয় হিসেবে চালু করা হবে তা সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।গণস্বাস্থ্যকেন্দ্রের প্রকল্প কর্মকর্তা সাকের উদ্দিন জানিয়েছেন, চিম্বুক পাহাড় ও আলীকদমের ম্রো অধ্যুষিত এলাকায় তাদের পরিচালিত ৬০টি মাতৃভাষা বিদ্যালয় গত বছর থেকে বন্ধ রয়েছে। বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রায় এক হাজার ৫০০ ম্রো শিশু মাতৃভাষায় শিক্ষালাভ থেকে বঞ্চিত হবে। আগামী মাস থেকে সেভ দ্য চিলড্রেনের আর্থিক সহযোগিতায় জিকে ও বিএনকেএস ওই বিদ্যালয়গুলো আবারও চালু করবে। ম্রো সামাজিক কাউন্সিলের সভাপতি রাংলাই ম্রো বলেছেন, জিকে পরিচালিত ম্রো মাতৃভাষা বিদ্যালয়গুলো প্রতিষ্ঠার পর থেকে ম্রো শিশুদের বিদ্যালয়ে উপস্থিতির হার বেড়েছে। তিনি বলেন, জাতীয় পাঠ্যক্রমের অনুকরণ করে ম্রো ভাষায় পাঠ্যবই প্রণীত হয়েছিল। এ জন্য শিশুরা খুব সহজে পাঠ্যবই হূদয়ঙ্গম করতে পারছে। বিদ্যালয়ভীতিও দূর হয়েছে। আদিবাসী অধ্যুষিত এলাকায় এরকম আরও বিদ্যালয় স্থাপন জরুরি বলে তিনি মনে করেন।