মাতৃস্নেহের আনন্দ ভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসৌরি জুন্নুরাইন গ্রামীণফোন আগ্রাবাদ শাখার উপব্যবস্থাপক। স্বামী স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের কর্মকর্তা। কর্মব্যস্ত স্বামী-স্ত্রী বিপাকে পড়েন একমাত্র ছেলে আতিফ আহমেদকে নিয়ে। বাধ্য হয়ে গৃহকর্মীর কাছে ছেলেকে রেখেই কাজে যেতে হয়। কিন্তু মন পড়ে থাকে ঘরে। ছেলে কী খাচ্ছে, কী করছে—এই চিন্তায় অস্থির থাকতে হয়। এর মধ্যে ছেলের বয়স পেরিয়ে যায় তিন বছর। কিন্তু বয়স হিসেবে ছেলের মধ্যে কোনো পরিবর্তন চোখে পড়ে না। সে তেমন কথাও বলত না। অবশেষে খোঁজ পেলেন ডে-কেয়ার সেন্টার (দিবা পরিচর্যাকেন্দ্র) ফ্লোরেটের। দুশ্চিন্তা মুক্ত হন মিসৌরি। এখন কর্মজীবী অনেক মায়ের ভরসাস্থল এই ডে-কেয়ার সেন্টারটি।গত রোববার সকাল ১১টায় গোলপাহাড় মোড়ে ফ্লোরেট প্রি-স্কুল ও ডে-কেয়ারে গিয়ে দেখা যায়, নিচতলায় বিদ্যালয়ঘর। সেখানে কাগজ তুলা আর গাম দিয়ে খরগোশ বানাচ্ছে পাঁচ-ছয় বছরের এক শিশু। তার নাম মাহিতা তাসনিম। সে পড়ে কেজিতে। তখন তার ড্রইং পরীক্ষা চলছিল। পাশের ক্লাস থেকে সমস্বরে ভেসে আসছিল ‘এ’ ‘বি’ ‘সি’। নার্সারিতে শিক্ষকের সঙ্গে মজায় মজায় বর্ণমালা শিখছে তারা। পাঠদান কক্ষেই রয়েছে আবার ছোট্ট এক বন। সেখানে বাঘ, ভালুক, কুমির থেকে শুরু করে সবকিছুই আছে। এসব জীবজন্তুর সঙ্গেও পরিচিত এই খুদে শিক্ষার্থীরা। জানা আছে বিভিন্ন গল্পও। এদিকে প্লেতে চলছে সুরে সুরে অভিনয় করে টুইঙ্কেল টুইঙ্কেল পড়া। ওদের এক ঘণ্টার মধ্যেই ছুটি হবে কেউ কেউ মা-বাবার সঙ্গে ঘরে ফিরবে, অনেকে আবার চলে যাবে ওপরের তলায়। ওপরের তলায় গিয়ে দেখা গেল, আরিবা সুবহা, মুকাররমা আবিদা, জাতুন নিতাসহ অনেকেই খেলছে। ওদের মধ্যে সবার ছোট সাবারুল আবরার ইসলাম। তার বয়স দুই বছর আট মাস। কাছে যেতেই হ্যালো বলে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে। গত ছয় মাস থেকে সে এখানে থাকছে। ওদের দেখাশোনার জন্য আছেন—নিলুফার আক্তার, শাহানা পারভীন, জোহরা সুলতানা এবং তিনজন আয়া।কথা হয় অধ্যক্ষ নাসিমা সিরাজীর সঙ্গে। তিনি বলেন, ‘ফ্লোরেট প্রি-স্কুল ও ডে কেয়ার সেন্টারের যাত্রা শুরু ২০১০ সালে। আমরা পাঁচজন— আমি, ফাতেমা, বন্দনা নন্দী, সুপ্রিয়া বড়ুয়া, সুলতানা মাসকুরা জাহান অনেক দিন থেকেই এ ধরনের কিছু করব বলে ভাবছিলাম। তারপর একদিন প্রথম আলোতেই কানাডা প্রবাসী জমিলা আক্তারের উই লার্ন ডে-কেয়ার সম্পর্কে জানতে পারলাম। তারপর তাঁর সঙ্গে যোগাযোগ করে আমরা এ বিষয়ে প্রশিক্ষণ নিই। শিশুর আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট, হাইজিন, পুষ্টি অর্থাৎ শিশুর মানসিক ও দৈহিক বিকাশ সম্পর্কে বিভিন্ন বিষয়ে আমরা নিজেরাই পড়াশোনা করি। তারপর প্রথম আমরা কাজ শুরু করি জামালখানে। এখন গোলপাহাড়ে আরেকটু বড় পরিসরে চলছে। তবে আমাদের স্বপ্ন—আরও বড় হবে প্রতিষ্ঠান।’এখানে আপাতত ২০ জন বাচ্চার সারা দিন থাকার ব্যবস্থা আছে। সারা দিনের জন্য মাসে খরচ সাত হাজার, অর্ধেক বেলা পাঁচ হাজার। খাওয়ার জন্য আলাদা খরচ। সেটা নির্ভর করবে বাচ্চার খাওয়ার ওপর। আর বাচ্চা রাখা হয় এক থেকে সাত বছর বয়সী। জানা যায়, এখানে এমন বাচ্চাও আছে যাদের মা চাকরি করেন না। তাঁরা বাচ্চা রাখেন অর্ধেক বেলা পর্যন্ত। কারণ, এই অভিভাবকেরা চান তাঁর সন্তানের মানসিক বিকাশটা যেন ঠিকমতো হয়। বাচ্চা সারা দিন টিভিতে কার্টুন দেখে ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। যে বয়সে হয়তো লাফ দেওয়া কিংবা কিছু বেয়ে ওঠার কথা অথচ সে তা পারছে না। কেউ কেউ পাঁচ-ছয় বছর বয়সেও নিজের হাতে খেতে পারে না। আবার কোনো বাচ্চার বয়স তিন, কিন্তু টয়লেটে যাওয়ার কথা বলছে না, কারণ অভ্যাসটা নেই। এখানে এসব ধীরে ধীরে অভ্যাস করা হয়। ডে-কেয়ার সেন্টারে পুরো জায়গাটাই শিশুর জন্য। কেউ আপন মনে খেলছে, কেউ আরেকজনের সঙ্গে খেলনা ভাগাভাগি করছে। শিশুর দলও নির্ভয়। নাসিমা সিরাজী জানান, সবার ডে-কেয়ার সেন্টার সম্পর্কে ভুল ধারণা আছে। অনেকে মনে করেন, ডে-কেয়ারে বাচ্চাদের কড়া শাসনে বা ঘুম পাড়িয়ে রাখা হয়, হোস্টেল ধরনের কিছু। তাই প্রথম দিকে লোকজনকে বোঝাতে বেশ কষ্ট পেতে হয়েছে। তবে এখন বাচ্চাদের মায়েরাই প্রচার করেন। বাচ্চাদের মায়েদের মধ্যে কেউ ব্যাংকার, কেউ শিক্ষক, কেউ বা বেসরকারি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা। নাসিমা সিরাজীর কথায় সায় দিলেন অভিভাবক মিসৌরি জুন্নুরাইন। তিনি বলেন, ‘পরিবেশটা অসাধারণ। একটা শিশু বেড়ে ওঠার চমৎকার পরিবেশ। তবে এ রকম আরও ডে-কেয়ার সেন্টার গড়ে উঠুক—এটাই আমরা চাই।’