মাত্র ২০ মিনিটের হাঁটায় কমে অকালমৃত্যুর ঝুঁকি

স্বাস্থ্যরক্ষায় হাঁটার উপকারিতা অনেক। এতে শরীর সচল থাকে। আয়ু বৃদ্ধি পায়। এটি প্রমাণিত সত্য। কিন্তু জানেন কি, দ্রুতগতিতে প্রতিদিন মাত্র ২০ মিনিটের হাঁটাহাঁটি আপনার অকালমৃত্যুর ঝুঁকি অনেকটা কমিয়ে দিতে পারে? যুক্তরাজ্যের একদল গবেষক এক নতুন গবেষণায় এমন আশার কথা শুনিয়েছেন। গবেষকদের মতে, প্রতিদিন ২০ মিনিটের হাঁটাহাঁটির উপকারিতা প্রায় প্রতিদিন ব্যায়াম করার মতোই। এর মাধ্যমে অকালমৃত্যুর ঝুঁকি প্রায় ১৬-৩০ শতাংশ কমিয়ে আনা সম্ভব। গবেষণায় দেখা যায়, স্বাভাবিক ওজনের পাশাপাশি মোটা বা স্থূলকায় মানুষদের ক্ষেত্রেও এ অভ্যাস সমানভাবে কার্যকর। প্রতিবছর স্থূলতার কারণে যত মানুষের মৃত্যু হয়, তার দ্বিগুণ মানুষ মারা যায় পরিশ্রম না করার কারণে। ইউরোপের ১২ বছরের বেশি বয়সী ৩ লাখ ৩৪ হাজার নারী-পুরুষ এ গবেষণায় অংশ নেন। গবেষকেরা তাঁদের উচ্চতা, ওজন ও কোমরের পরিধি পরিমাপ করেন। পরে অংশগ্রহণকারীদের নিজেদের পছন্দের সঙ্গে মিলিয়ে শারীরিক পরিশ্রমের বিষয়টি ঠিক করা হয়। ইউরোপে ৯২ লাখ মানুষের মৃত্যুর কারণ নিয়ে গবেষণা করে দেখা যায়, সম্প্রতি স্থূলতার কারণে ওই মহাদেশে যতসংখ্যক মানুষ অকালে মারা গেছে, তার দ্বিগুণ মানুষ মারা গেছে শারীরিক পরিশ্রম না করার কারণে। ৩ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে স্থূলতার কারণে। প্রায় ৬ লাখ ৭৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে কায়িক পরিশ্রম না করার কারণে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল রিসার্চ কাউন্সিলের (এমআরসি) পরিচালক নিক ওয়ারহ্যাম বলেন, সুস্বাস্থ্যের জন্য নিয়মিতভাবে কিছু করার সবচেয়ে সহজ উপায় হলো হাঁটাহাঁটি করা। খালিজ টাইমস।