মাথা উঁচু রেখেই কিমের বিদায়
পশ্চিমা দেশগুলোর অনেক নেতা তাঁকে নিয়ে পরিহাস করতেন। হাসাহাসি করতেন তাঁর ভুঁড়ি আর উঁচু গোড়ালির জুতা নিয়ে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তাঁকে ব্যঙ্গ করে বলতেন ‘বামন’। কিম জং-ইলকে নিয়ে রঙ্গ-ব্যঙ্গের ষোলোকলা পূর্ণ করতে নির্মাণ করা হয়েছে পাপেট ছায়াছবি টিম আমেরিকা: ওয়ার্ল্ড পুলিশ। এতে একজন স্বৈরশাসককে তাঁর ফাঁকা প্রাসাদে একাকী ঘুরে বেড়াতে দেখা যায়। তিনি সেখানে গুনগুন করে গান নিঃসঙ্গতার সংগীত। উত্তর কোরিয়ার সদ্যপ্রয়াত নেতাকে নিয়ে পশ্চিমা নেতারা যতই ব্যঙ্গ করুন না কেন, তিনি তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত বিদ্রূপকারীদের উদ্বেগের কারণ হয়ে ছিলেন। মাথা উঁচু রেখেই চিরবিদায় নিয়েছেন মানুষটি।১৭ ডিসেম্বর ৬৯ বছর বয়সে মারা যান কিম জং-ইল। ২৯ ডিসেম্বর কুমসুসান মেমোরিয়াল প্যালেসে বাবা কিম ইল-সুংয়ের পাশে তাঁকে সমাহিত করা হবে। উত্তর কোরিয়ার কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘ ট্রেন-ভ্রমণের অবসাদজনিত সমস্যায় তিনি মারা যান। কিম জং-ইলের উড্ডয়ন-ভীতি ছিল বলে খবর রয়েছে। এ জন্য বিমানের বদলে বিশেষ ট্রেনে ভ্রমণ করতেন। ২০০৮ সালে একবার স্ট্রোকে আক্রান্ত হন তিনি। একদিক থেকে দেখলে কিম জং-ইলের সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের কাছে কখনোই মাথা নত না করা। পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার কারণে কয়েক বছর ধরে দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজালে বন্দী। এতে নেপথ্য শক্তি হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি প্রভাবশালী দেশ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে খাদ্য-সহায়তাসহ প্রয়োজনীয় অনেক সুবিধা থেকে বঞ্চিত উত্তর কোরিয়া। এক দশক আগে শস্যহানির কারণে উত্তর কোরিয়ায় যখন দুর্ভিক্ষ দেখা দেয়, তখন বাইরের সহায়তা না থাকায় হাজার হাজার মানুষ না খেয়ে মারা যায়। বহু উত্তর কোরিয়ান দেশ ছেড়ে চীনে গিয়ে আশ্রয় নেন। ওই সংকটে চীনকেই একমাত্র বন্ধু হিসেবে পাশে পেয়েছিল উত্তর কোরিয়া। অনেক বিশ্লেষকের মতে, কিমের একগুঁয়েমির কারণেই দেশের অসহায় মানুষকে এভাবে প্রাণ দিতে হয়েছে। এর পরও কিন্তু কিম জং-ইল উত্তর কোরিয়ার বিপুল জনগোষ্ঠীর কাছে ‘প্রিয় নেতা’ হিসেবে পরিচিত। সম্প্রতি তাঁকে সে দেশের কর্তৃপক্ষ ‘সর্বোচ্চ নেতা’ হিসেবেও স্বীকৃতি দেয়। কিমের মৃত্যুর পর উত্তর কোরিয়ার অজস্র মানুষের বিলাপ প্রমাণ করে, স্বদেশে তিনি কতটা জনপ্রিয় ছিলেন।কিম জং-ইল আগাগোড়াই ছিলেন একজন রহস্যময় মানুষ। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় প্রচারণা অনুযায়ী, ১৯৪২ সালে ‘পবিত্র’ পায়েকদু পাহাড়ে কিমের জন্ম। ওই সময় নাকি কিছু ‘শুভ লক্ষণ’ দেখা দেয়। এর মধ্যে একটি লক্ষণ হচ্ছে, আকাশে নতুন তারকার উদয়। আরেকটি হচ্ছে দ্বৈত রংধনুর আবির্ভাব। তবে এ খবরও রয়েছে যে সাইবেরিয়ায় জাপানবিরোধীদের একটি শিবিরে কিমের জন্ম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিমের বাবা সোভিয়েতশাসিত উত্তর কোরিয়ার নেতা হন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে তিন বছরের যুদ্ধে নেতৃত্ব দেন তিনি। এই যুদ্ধে প্রায় ৪০ লাখ লোকের প্রাণহানি ঘটে। ১৯৫৩ সালে এক চুক্তির মাধ্যমে এই যুদ্ধের ‘সাময়িক’ অবসান ঘটে। তবে দুই কোরিয়ার সীমান্তে সেই থেকে বরাবর উত্তেজনা বিরাজ করছে। ১৯৯৪ সালে বাবার মৃত্যুর পর একজন পরিপূর্ণ নেতা হিসেবে কিম দেশের শাসনভার গ্রহণ করেন। নেতা হিসেবে কিছু অভাবনীয় ঘটনা ঘটান তিনি। ১৯৮৩ সালে তাঁর নির্দেশে মিয়ানমারে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের ওপর হামলা চালানো হয়। ১৯৮৭ সালে ভূপাতিত করা হয় একটি দক্ষিণ কোরীয় বিমান। বেশ কয়েকবার চীন সফর করে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে দেশটির নেতাদের পরামর্শ নেন কিম। কিন্তু কাঙ্ক্ষিত দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সফল হননি তিনি। নেতা হিসেবে দেশের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচিতে অটল ছিলেন কিম। ২০০৬ সালে উত্তর কোরিয়া ছোটখাটো একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। ২০০৯ সালেও একই পরীক্ষা চালানো হয়। চীনের সহযোগিতায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা চারটি দেশ এ কর্মসূচি থেকে উত্তর কোরিয়াকে বিরত রাখতে বারবার চেষ্টা করেও খুব একটা সফল হয়নি। এ প্রক্রিয়া অব্যাহত থাকলেও তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। ধারণা করা হয়, মাত্র ২৭-এ পা দেওয়া নতুন নেতা কিম জং-উনকে পেছন থেকে কলকাঠি নেড়ে চালাবেন পোড়খাওয়া ‘ওল্ড গার্ড’রাই। সেকেলে ধ্যান-ধারণার ওই কট্টরপন্থীরা পশ্চিমীদের সঙ্গে আপসে কতটা নমনীয় হবেন, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। শরিফুল ইসলাম ভূঁইয়া