মাথা গরম করে দেওয়া কাকতালীয় ব্যাপার
যখন কোনো কাজ করতে গিয়ে হাত নোংরা হয় বা ব্যস্ত থাকে, তখনই নাক চুলকাতে শুরু করে।হাত থেকে যখন কলম, রাবার, পেনসিল পড়ে যায়, তখন সেটা গড়িয়ে আয়ত্তের বাইরে এমন চিপায় গিয়ে ঢোকে যে উদ্ধার করতে কোমরের হাড়ের বারোটা বাজে।কারও সঙ্গে দেখা করার সময় দেরি হয়ে গেলে অজুহাত দিই, চাকা পাংচার হয়ে গিয়েছিল। পরের দিন ঠিক সময় যাত্রা করলে সত্যিই চাকা পাংচার হয়ে আবার দেরি হয়।চুপি চুপি কোনো রেস্টুরেন্টে খেতে গেলে ওই দিন রেকর্ডসংখ্যক লোকের সঙ্গে দেখা হবে। ইয়ে টাইপের বাংলা সিনেমা দেখার বেলায়ও একই নিয়ম প্রযোজ্য। সাজেশনের ১১টা প্রশ্নের ১০টা পড়ে যে একটা প্রশ্ন বাদ দিয়ে যাই, প্রশ্নপত্রে সেটাই সবার সামনে জ্বলজ্বল করে।বাথরুমে গোসলে ঢুকে পুরো শরীর ভেজানোর ঠিক পরই মুঠোফোনে জরুরি কল আসে।সারা দিনের পর যখন মোবাইল ফোনের একটু চার্জ দিতে যাই, তখনই বিদ্যুৎ চলে যায়।হঠাৎ যখন পুরোনো কোনো পত্রিকার একটি বিশেষ পৃষ্ঠা খুব দরকার হয়, তখন সেদিনের সব পৃষ্ঠা খুঁজে পাওয়া যায়, শুধু ওই বিশেষ পৃষ্ঠা ছাড়া।যে বাস-জার্নিতে ঠিক করি একটু ঘুমিয়ে যাব, সে বাসে সামনের সিটে বসবে বমি করায় পিএইচডি কোনো যাত্রী, আর পেছনের সিটে বসবে তিন বাচ্চা কোলে শব্দদূষণে পারদর্শী কোনো মহিলা।লিফটে উঠতে গেলে দেখা যায়, সেটি সর্বোচ্চ দূরত্বে অবস্থান নিয়েছে। এরপর সিঁড়ি ধরে যেই দু-এক তলা উঠি, সঙ্গে সঙ্গে লিফট আবার আগের অবস্থানে চলে যায়। রাকিব, বটতলা, বরিশাল