মাথা গোঁজার ঠাঁই নেই, দিশেহারা মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ি ঢলে বেড়েছে মাতামুহুরী নদীর পানি। ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি। ছবিটি গত সোমবার দুপুরে কৈয়ারবিলের দিককুল এলাকা থেকে তোলা l প্রথম আলো
পাহাড়ি ঢলে বেড়েছে মাতামুহুরী নদীর পানি। ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি। ছবিটি গত সোমবার দুপুরে কৈয়ারবিলের দিককুল এলাকা থেকে তোলা l প্রথম আলো

চকরিয়ার কৈয়ারবিলের দিককুল এলাকার চাষি দবির আলী। খেতখামার করে দিন চলে। কোনো রকমে একটু মাথা গোঁজার ঠাঁই ছিল বেড়া আর টিনের দুই কক্ষের ঘরটি। কিন্তু বন্যায় সেই ঘর মিশে গেছে মাটির সঙ্গে। কী করবেন তিনি? পরিবার এখনো আছে আশ্রয়কেন্দ্রে। তাঁদের তো ফিরতে হবে। তখন কোথায় ঠাঁই হবে তাঁদের? হাতে কোনো টাকাপয়সা নেই। ঘর মেরামত করা তো দূরে, খাবার জোটাতেই হিমশিম খেতে হচ্ছে।
দবির আলীর মতো একই অবস্থা মোহাম্মদ শরীফ, হারুনুর রশিদ ও মোহাম্মদ ইসমাইলেরও। তাঁরা দিনমজুর। এখন কোনো কাজ নেই। ভেঙে যাওয়া ঘর মেরামত করার সামর্থ্য নেই। আশ্রয়কেন্দ্র ছেড়ে আসার পর তাঁরা কোথায় থাকবেন, সেই চিন্তায় এখন দিশেহারা।
প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে সৃষ্ট দুই দফা বন্যায় কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় অন্তত ১৫ হাজার ৮০০ ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৬৪ হাজার ৪৫০ ঘরবাড়ি। বসতঘর হারানো এসব পরিবার এখনো নিজের ঘরে ফিরতে পারেনি। তারা বিভিন্ন উঁচু ভবন, আত্মীয়স্বজনের ঘর ও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।
গত সোমবার কৈয়ারবিল ইউনিয়নের দিককুল এলাকায় গিয়ে দেখা যায়, বন্যার পানি নেই। তবে ধসে পড়েছে অন্তত ১৩টি কাঁচা বসতঘর। তিনটি তলিয়ে গেছে নদীগর্ভে। অনেকে ধসে পড়া ঘরের চালা ওপরে তুলে ঠেস দিয়েছেন। চারপাশে বেড়া না দিয়ে বসবাস করছেন কেউ কেউ।
কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ার-ম্যান শরীফ উদ্দিন চৌধুরী জানান, তাঁর ইউনিয়নের ১৮০টি কাঁচা বসতঘর ধসে পড়েছে। ১৯টি ঘর নদীগর্ভে চলে গেছে। এসব পরিবারের পুনর্বাসন দরকার।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও এক পৌরসভায় ৬ হাজার ২০০ ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৪ হাজার ৪৫০টি ঘরবাড়ি। বিষয়টি জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো হয়েছে।
গত রোববার দুপুরে পেকুয়া উপজেলার গোঁয়াখালী গ্রামে গিয়ে দেখা যায়, জোয়ারের পানি নেমে গেছে। জেগে উঠছে ডুবে থাকা সড়ক ও ঘরবাড়ি। এ এলাকার অন্তত সাতটি বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে অন্তত ২৫টি বসতঘর। গৃহবধূ ফাতেমা বেগম বলেন, ‘গত ২৫ জুন বিকেলে কাঁচা ঘরটি বন্যার পানিতে ধসে পড়েছে। এখনো ঘর ঠিক করতে পারিনি। এক আত্মীয়ের ঘরে পরিবারের পাঁচ সদস্য নিয়ে কোনো রকমে থাকছি।’
পেকুয়ার ইউএনও মো. মারুফুর রশিদ খান বলেন, ‘বন্যার পানি নেমে যাওয়ার পর ধসে পড়েছে কাঁচা ও টিনশেড ঘরবাড়ি। এর মধ্যে ৯ হাজার ৬০০টি সম্পূর্ণ বিধ্বস্ত ও ৩০ হাজার ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।’