মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে ৩৫০ গৃহহীন পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় পাঁচটি আশ্রয়ণ প্রকল্পে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে ৩৫০ গৃহহীন পরিবার। প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার পাবে একটি ঘর ও চাষের জমি। আগামী বছরের জানুয়ারি মাসে প্রকল্পের কাজ শেষ হবে। এরপর গৃহহারা পরিবারের মধ্যে হস্তান্তর করা হবে। প্রকল্পের সমন্বয়কারী ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী জানান, নদীভাঙা গৃহহীন পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ উপজেলার বেতাগি, পোমরা, পদুয়া, সরফভাটা ও ইছাখালি জাকিরাবাদ পৌর এলাকায় আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নেন। যার বাস্তবায়নকাজ শুরু হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। দরপত্রের মাধ্যমে ঢাকার পাঁচটি ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্পের বসতঘর নির্মাণের কাজ পায়। তারা ২২ অক্টোবর থেকে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালি জাকিরাবাদ এলাকার গুচ্ছগ্রামে এবং পোমরা ইউনিয়নের জিয়ানগর এলাকায় প্রকল্পের বসতঘর তৈরির কাজ শুরু করে। চট্টগ্রাম বায়েজিদ সেনাক্যাম্পের ১৮ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন প্রকল্পের কাজ তদারকি করছে। তিনি বলেন, প্রকল্পকাজ বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন ভূমি অফিসের মাধ্যমে স্থান নির্ধারণ করেন। যেখানে সেনা কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে প্রকল্পের বাস্তবায়ন-প্রক্রিয়া শুরু করেন। ইছাখালি জাকিরাবাদ এলাকায় প্রকল্পের বসতঘর তৈরির সময় ঠিকাদার প্রতিষ্ঠান জামান এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. হারুন জানান, প্রতিটি প্রকল্পে ৭০টি পাকা বসতঘর তৈরি করা হচ্ছে। প্রতিটি বসতঘর তিন কক্ষবিশিষ্ট। পাঁচটি বসতঘর মিলে একটি ব্যারাক তৈরি করা হচ্ছে। প্রকল্পের তদারক কাজে নিয়োজিত চট্টগ্রাম বায়েজিদ সেনাক্যাম্পের ১৮ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ওয়ারেন্ট কর্মকর্তা মো. আজম জানান, প্রকল্পের রাঙ্গুনিয়া পৌরসভার জাকিরাবাদ গুচ্ছগ্রাম ও পোমরা ইউনিয়নের জিয়ানগর এলাকায় ১৪টি করে ২৮টি ব্যারাকে ১৪০টি বসতঘর তৈরির কাজ প্রায় শেষের পথে হলেও বৃষ্টির কারণে পদুয়া, বেতাগি ও সরফভাটা ইউনিয়নে বসতঘর তৈরির কাজ শুরু করা সম্ভব হয়নি। এসব প্রকল্পের কাজ শিগগির শুরু হবে। ২০১২ সালের ৩১ জানুয়ারির মধ্যে প্রকল্পের সব বসতঘর তৈরির কাজ সম্পন্ন করতে হবে। তিনি বলেন, প্রকল্পের বসতঘর নির্মাণের কাজ শেষ হলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে ৩৫০ পরিবারের তালিকা তৈরি করা হবে। এ তালিকা তৈরির কাজে উপজেলা প্রশাসন সমন্বয়কের ভূমিকা পালন করবে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সরকার প্রাথমিকভাবে রাঙ্গুনিয়ার ৩৫০ পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় পুনর্বাসন করছে। এরপর এমনও হতে পারে, পুনর্বাসনের জন্য রাঙ্গুনিয়ায় গৃহহারা পরিবার পাওয়া যাবে না। রাঙ্গুনিয়ার মানুষের ভাগ্যবদলের জন্য ব্যাপক উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানান।