মাথা গোঁজার ঠাঁই পেল ৩০ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ঘর পেল কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ও মাতারবাড়ি ইউনিয়নের ৩০ পরিবার। প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন সময় এসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়। মাথা গোঁজার ঠাঁই পেয়ে খুশিতে আত্মহারা পরিবারগুলো। এর আগে গত বছরের ডিসেম্বরে ৪০টি পরিবার ঘর পায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আইলায় বিধ্বস্ত জেলাগুলোর চর এলাকায় জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে মহেশখালী উপজেলার কুতুবজোম, মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নে ৭০টি ঘর নির্মাণের জন্য প্রায় ৭১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ধলঘাটায় ৪০টি, মাতারবাড়িতে ২০ ও কুতুবজোম ইউনিয়নে ১০টি ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নির্মাণকাজের দায়িত্ব পায় সিকদার এন্টারপ্রাইজ, আমিন কনস্ট্রাকশন ও কোয়ালিটি কনস্ট্রাকশন। কার্যাদেশ অনুযায়ী, ২০১১ সালের ১২ মার্চ থেকে শুরু করে ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করা কথা ছিল। কিন্তু বরাদ্দ না পাওয়ায় যথাসময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। তবে গত বছরের ডিসেম্বর মাসে ধলঘাটার ৪০টি এবং চলতি বছরের আগস্ট মাসে মাতারবাড়িতে ২০টি ও কুতুবজোমে ১০টি ঘরের নির্মাণকাজ শেষ হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কুতুবজোম ও মাতারবাড়ি ইউনিয়নে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে নির্মিত ঘরে বসবাস করছেন বাসিন্দারা। এসব পরিবারের সদস্যদের বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করার জন্য ১০ পরিবার মিলে বসানো হয়েছে একটি করে নলকূপ।
মাতারবাড়ি ইউনিয়নের ফুলজান মোরার বাসিন্দা আশরাফ আলী বলেন, তিন বছর আগেই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বাঁশের তৈরি কুড়েঘরটি ভেঙে যায়। নতুন করে ঘর তৈরি করার সামর্থ্য না থাকায় পরিবারের লোকজন নিয়ে পাশে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিই। এখন নতুন ঘর পেয়ে একটা ঠিকানা হয়েছে।