মাথা গোঁজার ঠাঁই পেল ৩০০ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার পাঁচটি আশ্রয়ণ প্রকল্পে মাথা গোঁজার ঠাঁই পেয়েছে ৩০০ গৃহহারা পরিবার। প্রতি পরিবার পেয়েছে একটি করে পাকা বসতঘর। সম্প্রতি এসব বসতঘর বরাদ্দ দেওয়া হয় তাঁদের মধ্যে। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস জানান, কর্ণফুলী ও ইছামতি নদীর ভাঙনে সহস্রাধিক পরিবার গৃহহারা হয়েছে। এসব পরিবারের মানুষের দুর্দশার কথা চিন্তা করে উপজেলার বেতাগি, পোমরা, পদুয়া, সরফভাটা ও ইছাখালি জাকিরাবাদ পৌর এলাকায় আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। উপজেলা পরিষদ সূত্র জানায়, প্রকল্পকাজ বাস্তবায়নের জন্য ভূমি কার্যালয়ের মাধ্যমে স্থান নির্ধারণ করা হয়। প্রকল্পের বাস্তবায়নকাজ শুরু করে ২০১১ সালের ১৭ সেপ্টম্বর। ২০১২ সালের জানুয়ারি মাসে কাজ শেষ হয়। প্রকল্পের আওতায় ঘর পেয়ে মরিয়মনগর ইউনিয়নের কাটাখালি গ্রামের হাজেরা খাতুন (৪৫) বলেন, ‘কর্ণফুলী নদীর ভাঙনে গৃহহারা হয়ে ১৫ থেকে ১৬ বছর ধরে পাহাড়ের পাশে ঘর নির্মাণ করে থেকেছি। আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর পেয়ে আমি খুশি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী জানান, পরিবেশ ও বনমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের নিয়ে যাচাই-বাছাই করে বসতঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ প্রথম আলোকে জানান, সরকার রাঙ্গুনিয়ার ৩০০ পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় পুনর্বাসন করেছে। আরও ৫০০ পরিবারকে পুনর্বাসন করা হবে।