মাথা ঢাকুন টুপিতে
গ্রীষ্মের এ সময়ে গরম আবহাওয়া এবং এর সঙ্গে যুক্ত ধুলাবালু ত্বকের সমস্যাসহ চুল ফেটে যাওয়া, এমনকি মাথাব্যথার কারণ হতে পারে। তাই বলে তো আর ঘরে বসে থাকলে চলবে না। আর তাই এ সময়ের তরুণ-তরুণীরা সমাধান হিসেবে বেছে নিতে পারেন ক্যাপ বা টুপি। ‘বছরের অন্য ঋতুর তুলনায় এই সময়টাতে ক্যাপের চাহিদা থাকে বেশি, আর আয়ও হয় ভালো।’ জানালেন নিউমার্কেটের মা ক্যাপ হাউসের স্বত্বাধিকারী আহসান উল্লাহ। বাহারি সব রং আর নতুন মডেলের ক্যাপগুলো বেশি চলছে বলে জানালেন আরেক ক্যাপ বিক্রেতা রফিকুল ইসলাম। বাজারে অনেক ধরনের, অনেক নামের ক্যাপ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক তেমনি কিছু ক্যাপের নাম ও বাজারদর। স্পোর্টস ক্যাপ: স্পোর্টস ক্যাপগুলো সাধারণত বিভিন্ন ক্লাবের নাম, লোগো ইত্যাদিসংবলিত থাকে। খেলাধুলার সঙ্গে জড়িতদের পছন্দের ক্যাপ এটি। বিভিন্ন ধরনের স্পোর্টস ক্যাপের দাম পড়বে ১৫০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত। গেঞ্জি ক্যাপ: ‘গেঞ্জির কাপড়ে তৈরি এ ক্যাপগুলো বেশ নরম এবং পরতেও আরাম।’ বলছিলেন শফিকুল ইসলাম নামের একজন ক্রেতা। এর দাম ৮০ থেকে ১৫০ টাকার মধ্যে। গলফ ক্যাপ: গলফ খেলোয়াড়েরা সাধারণত এই ক্যাপ বেশি পরেন বলে এর নাম গলফ ক্যাপ। ফ্যাশনেও এই ক্যাপের জুড়ি নেই। দাম ১৫০ টাকার মধ্যে।জনসন ক্যাপ: কেউ বলে জনসন, আবার কেউ বলে জনসিনা। তবে যে যা-ই বলুক, জনসন ক্যাপগুলো বাহারি রং ও প্যারাসুট, গ্যাবার্ডিন, সুতি ইত্যাদি কাপড়ের হওয়ায় ক্রেতাদের আকর্ষণ করে। দাম ১৮০ থেকে ২৫০ টাকা। সান ক্যাপ: রোদ থেকে মুখ বাঁচানো এ ক্যাপের প্রধান কাজ। প্রচলিত ক্যাপ থেকে এ ক্যাপ একটু আলাদা। ‘এ ক্যাপের ওপরের অংশ খোলা থাকায় চুলে আলো-বাতাস লাগে। আর দেখতেও দৃষ্টিনন্দন হওয়ায় সান ক্যাপ আমার সবচেয়ে পছন্দের।’ বললেন ঢাকা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মাসুম। সান ক্যাপের দাম পড়বে প্রতিটি ৬০ থেকে ৯০ টাকা। নেট ক্যাপ: এ ক্যাপের পেছনের অংশে নেট বা জাল কাপড়ে ঢাকা বলে একে নেট ক্যাপ বলে। এ ক্যাপের মাধ্যমেও বাতাস মাথায় প্রবেশ করতে পারে। দাম ১৫০ থেকে ২০০ টাকা। রেকসিন ও জিনস ক্যাপ: রেকসিন ক্যাপগুলো সাধারণত চামড়ার তৈরি এবং জিনস ক্যাপ তৈরি হয় জিনস কাপড়ে। এ ক্যাপে বিভিন্ন ধরনের নকশা করা থাকে। এটিও বেশ জনপ্রিয়। দাম ১০০ থেকে ২০০ টাকা।হ্যাট: ফ্যাশনে একটুও কম যায় না হ্যাট বা সাহেবি টুপি। বাজারে নানা ধরনের হ্যাট রয়েছে। ডিজাইনের ওপর এর দাম নির্ভর করে। নরম কাপড়ের তৈরি হ্যাট পাবেন ১০০ থেকে ১৮০ টাকার মধ্যে। আর চামড়ার তৈরি হ্যাট পাবেন ৬০০ থেকে ৯০০ টাকায়। যেখানে পাওয়া যাবে: রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা সিটি, বঙ্গবাজার, গুলিস্তান, রাপা প্লাজা, ইস্টার্ন প্লাজায় ক্যাপের অনেক দোকান রয়েছে।