মাথাব্যথা কার না হয়! কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে এমন ব্যথা নিয়ে অত দুশ্চিন্তা না করলেও চলে। বিজ্ঞানীদের মতে, প্রায় ৩০০ ধরনের মাথাব্যথা আছে। এসবের মধ্যে মানসিক চাপ বা উদ্বেগ ও দুশ্চিন্তাজনিত মাথাব্যথার ঘটনাই বেশি। এ ছাড়া চোখ, নাক, দাঁত, কান, সাইনাস ও আশপাশের অংশে নানা সমস্যার কারণে মাথাব্যথা, জ্বর ও সংক্রমণ হতে পারে। তবে কখনো কখনো মাথাব্যথা নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ থাকে। যেমন: মস্তিষ্কে সংক্রমণ, রক্তক্ষরণ, টিউমার, মেনিনজাইটিস ইত্যাদি কারণে মাথাব্যথা হলে অবশ্যই তা গুরুতর সমস্যা বলে গণ্য করতে হবে।
কিছু উপসর্গের ক্ষেত্রে মাথাব্যথাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের একদল বিজ্ঞানী নির্দেশিকা বা পরামর্শ দিয়েছেন। উপসর্গগুলো হলো: হঠাৎ তীব্র মাথাব্যথা, যা ক্রমশ বাড়তে থাকে; ৫০ বছরের বেশি বয়সীদের আকস্মিক মাথাব্যথা, যা সাধারণ ব্যথার চেয়ে অন্য রকম: মাথাব্যথার সঙ্গে অস্বাভাবিক আচরণ, অসংলগ্ন কথাবার্তা; তীব্র মাথাব্যথার পাশাপাশি ঘাড় শক্ত হয়ে যাওয়া, বেশি মাত্রায় জ্বর ও চোখে ঝাপসা দেখা, খিঁচুনি, কথা জড়িয়ে যাওয়া ইত্যাদি; চোখে তীব্র ব্যথা ও লাল হয়ে যাওয়া; তীব্র মাথাব্যথায় যদি ঘুম ভেঙে যায়; মাথায় কোনো আঘাত পাওয়ার পর যদি মাথাব্যথা শুরু হয়; ক্যানসার ও অন্যান্য জটিল রোগীর যদি হঠাৎ মাথাব্যথা হয়।
ডা. আ ফ ম হেলালউদ্দিন
মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ