মাথার খুলি
তখন আমি বেশ ছোট। স্কুলে যাওয়া শুরু করিনি। লেখাপড়া নেই, তাই সারা দিন ঘুরঘুর করতাম আর নিত্যনতুন খেলা আবিষ্কার করতাম। একদিন খেয়াল হলো, মাটি খুঁড়ব। যেই বলা সেই কাজ। একটা নিড়ানি নিয়ে উঠানে নেমে পড়লাম আর এক কোনায় বসে মাটি খোঁড়া শুরু করলাম। মাটি খুঁড়তে খুঁড়তে হঠা ৎ শক্ত কিছু একটাতে নিড়ানির মাথা বাড়ি খেল। মাটি সরিয়ে দেখি, সাদা রঙের কিছু একটা দেখা যাচ্ছে। কিন্তু জিনিসটা কী তা বোঝা যাচ্ছে না। তাই আমি ডাক দিলাম আমার চাচাতো বোনকে। আপু এসে জিনিসটা দেখে বিজ্ঞের মতো বলল, ‘দেখে তো মনে হচ্ছে, জিনিসটা মানুষের মাথার খুলি। সম্ভবত মুক্তিযুদ্ধ কিংবা তারও আগে থেকে এটা এখানে আছে। তুই খুঁড়তে থাক। একটু পরেই বোঝা যাবে।’আমি আবার মাটি খুঁড়তে লাগলাম। কিন্তু যতই মাটি খুঁড়ছি, ততই মানুষের মাথার খুলির বদলে সিলিন্ডার আকৃতির একটা জিনিস দেখা যাচ্ছে। কিন্তু জিনিসটা কী তা আমরা কেউ বুঝতে পারছি না। আবার জিনিসটাতে আঘাত করলে ঢকঢক আওয়াজ হচ্ছে। আপু বলল, ‘চল ফাটিয়ে দেখি জিনিসটা আসলে কী?’ তাই আমি নিড়ানি দিয়ে জিনিসটার গায়ে বাড়ি মারতে লাগলাম। কিন্তু কোনোভাবেই জিনিসটা ফাটানো যাচ্ছে না। এমন সময় আমাদের কাণ্ডকারখানা দেখে চাচু ছুটে এসে বললেন, ‘আরে কী করছিস তোরা! এটা ফাটাচ্ছিস কেন? এটা তো সেপটিক ট্যাংকের পাইপ। এটা ফাটালে সব ময়লা বেরিয়ে যাবে!’ রাদ শাহমাতঘোপ, যশোর।