মাথায় বিলবোর্ড (আকাশ) ভেঙে পড়ছে ভেঙ্গে ফেলাই সমাধান নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বই-পুস্তক যে আজেবাজে সব তথ্য দিয়ে ভর্তি তা আর নতুন করে না বললেও চলবে। বইয়ের পাতায় কী সুন্দর লিখে রেখেছে ‘মাথায় আকাশ ভেঙে পড়ল’। আরে, আকাশ আবার ভেঙে পড়ে কীভাবে? যারা বই লেখে তাদের ধারণা আকাশ জিনিসটা টোস্ট বিস্কুটের মতো, সহজেই ভেঙে যায়। নাহ! পদে পদে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের কারণেই দেশের আজ এই অবস্থা। আবহমান কাল থেকে এখন পর্যন্ত কারও মাথায় আকাশ ভেঙে পড়েছে এমনটা শোনা যায়নি। তবে আকাশ ভেঙে না পড়লেও প্রায়ই মানুষের মাথায় বিলবোর্ড ভেঙে পড়ার কথা শোনা যায়। কর্তৃপক্ষ অবশ্য সব অবৈধ বিলবোর্ড ভেঙে ফেলছে। কিন্তু এতে যে কত ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে তা কেউই ভেবে দেখছে না। ঢাকায় গাছ তো নেই, তাই প্রখর রোদে এই বড় বড় বিলবোর্ড মানুষকে ছায়া দেয়। বিলবোর্ড ভেঙে ফেললে প্রখর রোদ তো সরাসরি মাথায় এসে পড়বে। এমনিতেই নানা কিসিমের ঝামেলায় মানুষের মাথা থাকে গরম। তার ওপর যদি রোদ পড়ে তাহলে তো মাথা আরও গরম হয়ে যেকোনো দুর্ঘটনা ঘটাবে। তা ছাড়া উড়তে উড়তে ক্লান্ত হয়ে গেলে কাকসহ অন্যান্য পাখি এই বিলবোর্ডগুলোতে বসে বিশ্রাম নেয়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে। বিলবোর্ড না থাকলে তাদের কী হবে? তাদের বিশ্রাম নেওয়ার একটা জায়গা থাকবে না? তারা তো আর কোনো সম্মেলন কেন্দ্রে গিয়ে আলোচনা করতে পারে না। অথচ পাখিদের এই বিষয়টা নিয়েও কেউ ভাবছে না। এমনকি পাখিপ্রেমীরাও এ ক্ষেত্রে নীরব ভূমিক পালন করছে। তবে সবচেয়ে বিপদে পড়বে দেশের মডেলরা। ট্রাফিক জ্যামে আটকে মানুষজন বিলবোর্ডের মডেলদের ছবি দেখত। বিলবোর্ড না থাকলে তারা মডেলদের ছবি দেখবে কীভাবে? আর জ্যামে আটকে সময়টাই বা কাটাবে কীভাবে? কর্তৃপক্ষ তো শধু বিলবোর্ড ভেঙেই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। অথচ এই বিষয়গুলো নিয়ে ভাবার কেউ নেই। অতএব, কর্তৃপক্ষকে এখনই এই অতি জরুরি বিষয়টা নিয়ে ভাবতে হবে। ভেঙে ফেলাই সমাধান নয়।