মাথিনের পাশে ধীরাজের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মাথিনের পাশে ফিরে এলেন ধীরাজ। তবে বাস্তবে নয় রুপালি পর্দায়। মাথিন ধীরাজের অমর প্রেম কাহিনির স্মৃতিবিজড়িত কক্সবাজারের টেকনাফে যখন পুলিশ ছিলাম গ্রন্থের লেখক, অভিনেতা ধীরাজ ভট্টাচার্য অভিনীত ছায়াছবির প্রদর্শনী হয়ে গেল ২০ এপ্রিল রাত নয়টায়। ঐতিহাসিক মাথিনকূপের পাশেই আয়োজিত এ প্রর্দশনীতে উপস্থিত দর্শকেরা কঙ্কাল, কারো ছায়া, হানাবাড়ি ছবিতে ধীরাজকে দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। মনে হলো, যেন বহু বছর পরে প্রেমিকা মাথিনের খোঁজে ধীরাজ যেন আবার ফিরে এসেছেন টেকনাফে। প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর। উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া, জেলা সহকারী পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ) ছত্রধর ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুচ বাঙ্গালী, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক, টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুলাহ মনির, যশোরের কেশবপুরের ধীরাজ ভট্টাচার্য মনোজ একাডেমির পরিচালক এম এ আবদুল হালিম প্রমুখ। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিংশ শতাব্দীর শেষের দিকে কলকাতার যুবক ধীরাজ ভট্টাচার্য পুলিশ কর্মকর্তা হিসেবে টেকনাফে বদলি হয়ে আসেন। সেখানে তাঁর বাসার সামনে অবস্থিত কূপ থেকে পানি নিতে আসতেন আদিবাসী মেয়েরা। তাঁদের সঙ্গে থাকতেন জমিদার ওয়ানথিনের কন্যা মাথিন। দেখতে বাঙালি মেয়ের মতো। ধীরাজ আর মাথিনের মধ্যে প্রেম হয়। তাঁদের এই প্রেম মাথিনের মা-বাবা মেনে নিতে পারেননি। এক পর্যায়ে ধীরাজ ছুটি নিয়ে কলকাতা গেলে মাথিন নাওয়া খাওয়া ছেড়ে দিলে শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। প্রেমের এই করুণ পরিণতির কথা কিংবদন্তির মতো প্রচলিত এই জনপদে। ধীরাজের বাসার সামনের পানির কূপটিই মাথিনের কূপ নামে পরিচিত। কক্সবাজার জেলা পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর টেকনাফে ঐতিহাসিক মাথিনকূপ পর্যটকদের আরও বেশি আকর্ষনীয় করতে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। কিছুদিন আগে এখানে ধীরাজের একটি ভাস্কর্য স্থাপন করা হয়।বহুবছর পেরিয়ে গেলেও ধীরাজ এখনো টেকনাফের মানুষের কাছে জনপ্রিয়। তাই তাঁর অভিনীত ছবি দেখতে মানুষের ভিড় হয়।