মাদক চাষে জান্তা জড়িত!
মিয়ানমারে আফিম চাষের খবর নতুন নয়। আলোড়ন সৃষ্টি করেছে সেখানে আফিম চাষের ব্যাপারে সদ্যপ্রকাশিত একটি নতুন প্রতিবেদন। এতে দাবি করা হয়, মিয়ানমারের সামরিক জান্তা সম্প্রতি যেসব এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে, সেসব এলাকায় আফিমের উত্পাদন বেড়ে গেছে। হালে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর ইউনাইটেড নেশনস অফিস ফর ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) মিয়ানমারে মাদক চাষের বিষয়ে একটি গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করে। নতুন প্রতিবেদনে এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ‘পয়জনড হিলস: অপিয়াম কালটিভেশস সার্জেস আন্ডার গভর্নমেন্ট কন্ট্রোল ইন বার্মা’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করে পালং উইমেনস অর্গানাইজেশন (পিডব্লিউও)। থাইল্যান্ডের মায়ে সতে রয়েছে এই বেসরকারি সংস্থা। এর আগে মিয়ানমারে মাদকদ্রব্যের উত্স নিয়ে একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে মিয়ানমারের ‘শান হেরাল্ড এজেন্সি ফর নিউজ’ সংক্ষেপে যা ‘শান’ নামে পরিচিত। এর সঙ্গে পিডব্লিউওর প্রতিবেদনে তুলে ধরা তথ্যের অনেক সাযুজ্য রয়েছে। পিডব্লিউওর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউএনওডিসির বার্ষিক জরিপবিষয়ক প্রতিবেদনে মিয়ানমারে যে পরিমাণ আফিম উত্পাদনের কথা উল্লেখ রয়েছে, বাস্তবে সেখানে আফিম উত্পাদনের পরিমাণ আরও বেশি। এখানে লক্ষণীয় বিষয়টি হচ্ছে, যেসব এলাকায় ধুমসে আফিম চাষ হচ্ছে, তা সহিংসতায় ভরা বিদ্রোহীদের এলাকা নয়। সেখানে যুদ্ধবিরতির সমর্থক দলগুলোরও নিয়ন্ত্রণ নেই। এসব এলাকা পুরোপুরি জান্তার নিয়ন্ত্রণে।মিয়ানমারের কর্তৃপক্ষ আফিমের উত্স পপি চাষ করা কৃষকদের কাছ থেকে কীভাবে জোর করে বখরা আদায় করছে, বিনিময়ে পপি চাষ সমূলে উত্পাটনের কথা লিখে ভুয়া প্রতিবেদন ফাইলবন্দী করছে, তার বিস্তারিত বর্ণনা করা হয়েছে পিডব্লিউওর প্রতিবেদনে। প্রতিবেদনের উপসংহারে বলা হয়, মিয়ানমারে জান্তার শাসন বহাল রয়েছে বলে সেখানকার মাদক সমস্যা বড় আকারে ধরা পড়ছে না। অন্য কোনো সরকার থাকলে এই মাদক সমস্যার কারণেই সে দেশে আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যেত। দক্ষিণ-পূর্ব এশিয়ায় আফিম উত্পাদন নিয়ে নিজস্ব জরিপ ও গবেষণা থেকে ইউএনওডিসি যে প্রতিবেদন প্রকাশ করে, এর সঙ্গে পিডব্লিউওর প্রতিবেদনের তফাত্ আকাশ-পাতাল। জাতিসংঘের ওই দপ্তর গত ১৪ ডিসেম্বর যখন তাদের এই বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে, তখন জাতিসংঘের একদল প্রতিনিধি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, থাইল্যান্ড ও পশ্চিমা দেশগুলোর মাদকবিরোধী কর্মকাণ্ডের কর্মকর্তারা। তাঁরা কেউ পিডব্লিউওর প্রতিবেদন প্রকাশের সময় উপস্থিত ছিলেন না। এর সম্ভাব্য কারণ অনুসন্ধান করে বোঝা যাচ্ছে, ইউএনওডিসি চটাতে চায় না মিয়ানমারের সরকারকে। তথ্য ও সরেজমিন জরিপের ব্যাপারে মিয়ানমারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ওপর তারা নির্ভরশীল। তথ্যের দিক দিয়ে শান ও পিডব্লিউওর প্রতিবেদনের গুরুত্বপূর্ণ যে মিলটি রয়েছে তা হচ্ছে, পপি চাষে জান্তার সরাসরি জড়িত থাকা। উভয় প্রতিবেদনেই বলা হয়েছে, এই মাদকদ্রব্য উত্পাদনে সরকারের জোরালো সমর্থন রয়েছে। যেসব এলাকায় পপি চাষ হচ্ছে, সেখানে সহযোগিতা করছে প্রশিক্ষণপ্রাপ্ত মিলিশিয়ারা। মিয়ানমারে মাদক ব্যবসার একজন নিবিড় পর্যবেক্ষক শান-এর সম্পাদক সাই খুয়েনসাই। দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার ওপর তীক্ষ নজর রেখে এর নাড়িনক্ষত্র নখদর্পণে নিয়েছেন তিনি। খুয়েনসাইয়ের বক্তব্য অনুযায়ী, শান প্রদেশে বিদ্রোহ দমনের পর এর নিয়ন্ত্রণ সরকারের হাতে চলে যায়। এর পর থেকে এই প্রদেশে মাদক ব্যবসার উল্লেখযোগ্য বিস্তৃতি দেখা যাচ্ছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে খুয়েনসাই ওই প্রদেশে মাদকের ব্যবসার বিস্তৃতিকে বেলুনের বিস্ফোরণের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, যুদ্ধবিরতির সমর্থক দলগুলো নিজ এলাকাগুলোয় মাদকদ্রব্য উত্পাদন ও ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তী সময়ে দেখা যায়, এসব এলাকার আশপাশে সরকার-নিয়ন্ত্রিত যেসব এলাকা রয়েছে, সেসব এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে মাদক উত্পাদন। যেসব দল নিজ এলাকায় মাদকদ্রব্যের চাষ নিষিদ্ধ ঘোষণা করে, এর মধ্যে রয়েছে শান প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় দল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালিয়াস আর্মি, কোকাং, ইউনাইটেড ওয়া স্টেট আর্মি। এসব দলের নিয়ন্ত্রণাধীন এলাকায় যদিও এখন আর আগের মতো পপি চাষ হয় না, কিন্তু তাদের বিরুদ্ধে কাঁচামাল কিনে তা পরিশোধন করে হেরোইন তৈরির অভিযোগ রয়েছে। খুয়েনসাই ও মাদকবিরোধী কর্মকর্তারা বলেন, এসব আফিম ও হেরোইন সবচেয়ে বেশি বিক্রি হয় মিয়ানমারে ‘গোল্ডেন টায়াঙ্গল’ এলাকায়।